সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জল না পেয়ে কাকুতি মিনতি করার পর এবার সরাসরি হুমকির পথে নেমে এসেছে পাকিস্তান। সেনা প্রধান আসিম মুনিরের পর মঙ্গলবার যুদ্ধের হুমকি দিয়েছেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। সরকার পাকিস্তানের এই লম্ফঝম্পকে গুরুত্ব না দিলেও এই ইস্যুতে মুখ খুললেন মিম সাংসদ আসাদউদ্দিন ওয়েইসি। হুঁশিয়ারির সুরে তিনি জানালেন, ভুলে যাবেন না আমাদের হাতে ব্রহ্মস রয়েছে।
শাহবাজকে পালটা দিয়ে বুধবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন ওয়েইসি। সেখানেই তিনি বলেন, “ব্রহ্মস রয়েছে আমাদের কাছে। পাশাপাশি ওনারও মনে রাখা উচিৎ অপারেশন সিঁদুরের পর উনি নিজেই বলেছিলেন, উনি তখন স্নানের জন্য সাঁতারের পোশাকে ছিলেন তখন উনি জানতে পারেন নূর বায়ুসেনা ঘাঁটি ধ্বংস হয়ে গিয়েছে। ফলে যে মন্তব্য উনি করছেন সেইসব ফালতু কথা অবিলম্বে বন্ধ করা উচিৎ ওনার। আপনি (শাহবাজ শরিফ) একটি দেশের রাষ্ট্রপ্রধান। আপনি হয়ত জানেন না এই ধরনের ফাঁকা আওয়াজে আমাদের উপর কোনও প্রভাব পড়বে না।” এর সঙ্গেই সিন্ধু জলচুক্তি প্রসঙ্গে বলেন, “সিন্ধু জলচুক্তির উপর ভারত স্থগিতাদেশ দিয়েছে। এর অর্থ হল আপনাদের চরিত্রে সংশোধন আনা। তবে আপনারা তা না করে লাগাতার হুমকি দিচ্ছেন। এভাবে হুমকি দিতে থাকলে তাতে লাভ কিছু হবে না বরং এর ফল উলটো হবে।”
গত মঙ্গলবার ইসলামাবাদে এক জনসভায় উপস্থিত হয়ে কড়া সুরে ভারতকে হুঁশিয়ারি দেন শাহবাজ। তিনি বলেন, “আজ আমাদের শত্রুকে স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই যে আপনারা যদি আটকে দেওয়ার দেওয়ার চেষ্টা করেন তবে তার ফল ভালো হবে না। পাকিস্তানের প্রাপ্য একফোঁটা জলও আপনারা কেড়ে নিতে পারবেন না। তারপরও যদি কোনও পদক্ষেপ করা হয় সেক্ষেত্রে এমন শিক্ষা দেব যে সারা জীবন পস্তাবেন।” অর্থাৎ সিন্ধুর জল আটকে দিলে সরাসরি যুদ্ধ বলে বার্তা দিলেন শাহবাজ। অবশ্য শাহবাজ একা নন, সম্প্রতি এই ইস্যুতে ভারতের বিরুদ্ধে সরাসরি যুদ্ধের হুঁশিয়ারি দিয়েছেন পাক সেনাপ্রধান আসিম মুনিরও।
রবিবার ফ্লোরিডার ট্যাম্পায় শিল্পপতি আদনান আসাদের নৈশভোজে গিয়ে পাক সেনাপ্রধান বলেন, ‘‘আমরা পরমাণু শক্তিধর দেশ। যদি মনে হয় আমরা ধ্বংসের পথে এগোচ্ছি, তবে অর্ধেক বিশ্বকে সঙ্গে নিয়ে আমরা ধ্বংস হব।’’ সিন্ধুর উপর বাঁধ প্রসঙ্গে মুনির আরও বলেন, ‘‘ভারত বাঁধ তৈরি করুক, আমরা অপেক্ষা করব। যখন বাঁধ তৈরি করা হয়ে যাবে, আমরা ১০টি মিসাইল ছুড়ে সেই বাঁধ ধ্বংস করে দেব। সিন্ধু ভারতের পৈতৃক সম্পত্তি নয়। আমাদের কাছেও ক্ষেপণাস্ত্রের কোনও অভাব নেই।’’ যদিও পাকিস্তনের সেই হুমকিকে বিশেষ পাত্তা দিতে নারাজ ভারত। শাহবাজের মন্তব্যের পালটা কেন্দ্রের তরফে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।