সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভোটের উত্তাপে পুড়ছে বাংলা৷ পঞ্চায়েত নির্বাচনে মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে তপ্ত বাংলার রাজনীতি৷ বোমা-গুলির লড়াইয়ে দিনভর সরগরম বাংলা ভোটের ময়দান৷ তৃণমূল-বিজেপি সংঘর্ষে বীরভূমের গুলিবিদ্ধ হয়ে মৃত রাজনৈতিক কর্মী৷ ভোটের উত্তপ্ত পরিস্থিতির মাঝে শুরু হয়েছে মৃতদেহ নিয়ে তরজা৷ তৃণমূল ও বিজেপি উভয়ই মৃত ওই ব্যক্তি তাদের দলের সদস্য বলে দাবি করেছে৷ শুরু হয়েছে রাজনৈতিক কর্মীর দেহ দখলের লড়াই৷
[ মনোনয়নকে কেন্দ্র করে রণক্ষেত্র সিউড়ি, গুলিবিদ্ধ হয়ে মৃত্যু রাজনৈতিক কর্মীর ]
আজ মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নেয় সিউড়ি৷ বোমা-গুলির লড়াইয়ে প্রাণ হারান শেখ দিলদার৷ রাজনৈতিক সংঘর্ষে মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শাসক-বিরোধী দলের তরফে শুরু হয় কাদা ছোড়াছুড়ির পর্ব৷ সাংবাদিক বৈঠক ডেকে মৃত শেখ দিলদার তাঁদের দলের সংখ্যালঘু সেলের কর্মী বলে দাবি করেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ৷ এদিন রাজ্যের আইন-শৃঙ্খলার পরিস্থিতি নিয়ে প্রশ্ন তোলেন তিনি৷ সন্ত্রাসের পরিস্থিতি চলতে থাকলে রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারির দাবি জানান দিলীপ৷ বলেন, ‘‘রাজ্যে ৩৫৬ ধারা জারির পরিস্থিতি তৈরি হয়েছে৷ তবে আমরা এখনই এই দাবি তুলছি না৷ আমরা আগেই বলেছিলাম, পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা না রাখা হলে এই পরিস্থিতি হবে৷ আজ আমাদের সাড়ে বারশো কর্মী আক্রান্ত হয়েছে৷ সিউড়িতে আমাদের সংখ্যালঘু মোর্চার জেলা সাধারণ সম্পাদক শেখ দিলদারকে গুলি করে খুন করা হয়েছে৷ রাজ্য জুড়ে ভয়ের পরিস্থিতি তৈরি হয়েছে৷ প্রশাসন, কমিশন ও শাসকদল রাজ্যে ভোট ভন্ডুল করে দিতে চাইছে৷’’
[ পঞ্চায়েত ভোটের মনোনয়ন LIVE: রক্তাক্ত সিউড়ি, রাজনৈতিক কর্মীর মৃত্যু ঘিরে তরজা ]
বিজেপির তোলা সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছেন রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম৷ শেখ দিলদার তৃণমূল কর্মী বলে জানান ফিরহাদ৷ বলেন, ‘‘বিহার-ঝাড়খণ্ড থেকে লোক আনিয়ে বিজেপি বীরভূমে গণ্ডগোল বাধাচ্ছে৷ এর আগেও ওই একই এলাকায় হামলা চালিয়েছিল বিজেপি৷ গুলি-বোমা-ভয় দেখিয়ে বাংলায় আগুন জ্বালানোর চেষ্টা করছে বিজেপি৷ এটা কখনই মেনে নেওয়া হবে না৷’’ মন্ত্রীর সঙ্গে সঙ্গে তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল বলেন, ‘‘শেখ দিলদার আমাদের কর্মী৷ বিজেপি এখানে হামলা চালিয়েছে৷ বহিরাগতদের আনিয়ে মানুষকে ভয় দেখাচ্ছে বিজেপি৷’’
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন