স্টাফ রিপোর্টার: সাপের কামড়ে মৃত্যু হল দুই স্কুল ছাত্রের৷ চাপড়ায় বৃহস্পতিবার রাতে এই ঘটনাটি ঘটেছে৷ চাপড়ার শিকরায় একটি মাদ্রাসায় পাঠরত দুই আবাসিক ছাত্রের মৃত্যু হয়েছে বিষধর সাপের কামড়ে৷ মৃতদের নাম শাকিল বিলবাবা (১২) ও আবদুল কাদের (১৪)৷ শাকিলের বাড়ি চাপড়ারই বাঙালঝি গ্রামে৷ কাদেরের বাড়ি হাতরা গ্রামে৷ আশঙ্কাজনক অবস্থায় কল্যাণীর জেএনএম হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন শাকিল ঘরামি নামে আর এক ছাত্র৷
শিকরায় একটি মাঠের মাঝে রয়েছে ওই মাদ্রাসাটি৷ মোট ৭৫ জন ছাত্র৷ সকলেই আবাসিক৷ টিনের চালওয়ালা একটি বিশাল ঘরে রাতে শুয়ে ছিল তারা৷ সিমেন্টের মেঝে হলেও ঘরটির চাল ও দেওয়াল টিনের৷ ঘরের চারপাশে ফাঁকা চাষের জমি৷ জঙ্গলও রয়েছে৷ তার উপর বর্ষাকাল৷ চারিদিকে ফাঁকা জমিতে জল জমে রয়েছে৷ ওই জমি থেকেই রাতে ঘরের মধ্যে সাপ ঢোকে বলে অনুমান৷ রাত দেড়টা নাগাদ তিন ছাত্রের চিৎকারে অন্যরা ঘুম থেকে উঠে পড়ে৷ দেখা যায় যন্ত্রণায় কাতরাচ্ছে ওই তিন ছাত্র৷ মাদ্রাসার এক শিক্ষকও ওই ঘরেই ছিলেন৷ বাকি পাঁচ শিক্ষক এলাকাতেই থাকেন৷ ঘটনার খবর পেয়েই সকলে আসেন৷ স্থানীয় বাসিন্দারাও চলে আসেন৷
প্রথমে চাপড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয় তিনজনকে৷ সেখানে সাপে কাটার চিকিৎসা পরিষেবা না থাকায় তাদের কৃষ্ণনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ শুক্রবার ভোর চারটে নাগাদ সেখানেই মারা যায় শাকিল বিলবাবা ও আবদুল কাদের৷ কল্যাণীর জেএনএম হাসপাতালে চিকিৎসাধীন শাকিল ঘরামি৷ হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, সাপের কামড়েই মারা গিয়েছে দুই ছাত্র৷ খবর পেয়ে হাসপাতালে যান চাপড়ার বিধায়ক রুকবানুর রহমান৷ ওই মাদ্রাসার এক শিক্ষক ইক্রামুল হক মণ্ডল জানিয়েছেন, এই প্রথম এধরনের ঘটনা ঘটল৷ ফাঁকা মাঠ থেকেই ঘরের মধ্যে সাপ ঢুকেছিল৷ ঘুমন্ত অবস্থায় তিনজনকে কামড়ায় সাপটি৷ মর্মান্তিক ওই ঘটনায় ওই মাদ্রাসা ও স্থানীয় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে৷
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন