সুকুমার সরকার, ঢাকা: ফের নামঞ্জুর বিএনপি নেত্রী খালেদা জিয়ার জামিনের আবেদন। মুক্তিযোদ্ধাদের অপমান এবং বঙ্গবন্ধুর বিরুদ্ধে কুরুচিকর মন্তব্যের একটি মামলা চলছে প্রাক্তন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে। মঙ্গলবার ওই মামলায় বেগম জিয়ার জামিনের আবেদন নাকচ করে দেয় নড়াইল জেলা আদালত।
[হত্যা মামলায় খালেদা জিয়াকে সমন আদালতের]
দুর্নীতি মামলায় সাজা খাটছেন খালেদা। তাঁর বিরুদ্ধে চলছে দুর্নীতি ও সন্ত্রাসের একাধিক মামলা। সব মিলিয়ে বেকায়দায় রয়েছেন বিএনপি নেত্রী। এমনই পরিস্থিতিতে তাঁর জামিনের আবেদন খারিজ করেন নড়াইল জেলা ও দায়রা জজ শেখ আবদুল আহাদ। ৩০ মে আদালতে জামিনের আবেদন জানিয়েছিলেন খালেদার আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার। উল্লেখ্য, ২০১৫ সালে মামলাটি দায়ের করেন নড়াগাতি থানার চাপাইল গ্রামের রায়হান ফারুকি। অভিযোগ, ওই বছরই একটি সভায় মুক্তিযুদ্ধে শহিদদের অপমান করেন খালেদা। বঙ্গবন্ধু পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন। বাংলাদেশের স্বাধীনতা চাননি মুজিবর রহমান। এমন বিস্ফোরক দাবিও করেছিলেন খালেদা।
উল্লেখ্য, গত মাসেই নাশকতার দু’টি পৃথক মামলায় খালেদার জামিন মঞ্জুর করে হাই কোর্ট। তবে মুক্তি পাচ্ছেন না জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় দোষী সাব্যস্ত বিএনপি নেত্রী। নেত্রীর এহেন বিপাকে কার্যত দিশেহারা বাংলাদেশের প্রধান বিরোধী দল। শেখ হাসিনার আওয়ামি লিগকে টক্কর দিতে কোনও পরিকল্পনাও নেই বিএনপির। এমনটাই মনে করছেন রাজনীতিবিদরা। চলতি বছরের শেষের দিকেই বাংলাদেশে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। ফলে যত তাড়াতাড়ি সম্ভব দলনেত্রীর মুক্তি চাইছে বিএনপি। তবে নাশকতা ও দুর্নীতির একাধিক মামলার জেরে আপাতত জেলের বাইরে খালেদার আসা সম্ভব নয় বলেই মনে করছেন বিশ্লেষকরা।
[ধর্মকথা শুনে গাঁজার ছিলিমে টান, ভিনরাজ্যের যুবকের সর্বস্ব লুঠ ‘ঘাট গ্যাং’-এর]