সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একদিকে পড়ুয়াদের অনশন, অন্যদিকে অধ্যাপকদের একাংশের কর্মবিরতি৷ আন্দোলনের চাপে কলা বিভাগের ভরতিতে প্রবেশিকা পরীক্ষার সিদ্ধান্ত বহাল রেখেছে যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ৷ তবে পূর্ব ঘোষণা মতো ২১ জুলাই সম্ভবত পরীক্ষা হচ্ছে না৷ যাদবপুরে প্রবেশিকা পরীক্ষা হতে পারে ২৩ জুলাই৷ জানা গিয়েছে, ২১ জুলাই ধর্মতলায় তৃণমূল কংগ্রেসের জনসভা হবে৷ তাই পড়ুয়াদের ভোগান্তি কমাতে পরীক্ষার দিন বদলের সিদ্ধান্ত নিয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ৷ এনিয়ে সোমবার বিজ্ঞপ্তিও জারি করা হবে বলে খবর৷
[ইস্তফার জল্পনায় জল, শারীরিক অবস্থা নিয়ে রাজ্যপালের সঙ্গে কথা সুরঞ্জনের]
প্রতি বছর যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কলা বিভাগে প্রবেশিকা পরীক্ষা দিয়ে ভরতি হতে হয় পড়ুয়াদের৷ ব্যতিক্রম শুধু বাংলা ও ইতিহাস৷ কিন্তু, এবছর প্রবেশিকা বাতিলের সিদ্ধান্তে বিতর্ক তুঙ্গে ওঠে৷ প্রবেশিকা ফেরানোর দাবিতে অবস্থান বিক্ষোভ শুরু করেন যাদবপুরের পড়ুয়ারা৷ ৩১ ঘণ্টা ঘেরাও করে রাখা হয় উপাচার্যকে৷ শেষ পর্যন্ত, আমরণ অনশনে বসেন আন্দোলনকারীরা৷ প্রবেশিকা বিতর্কে পড়ুয়াদের পাশে দাঁড়ান অধ্যাপকদের একাংশও৷ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কর্মবিরতি শুরু করেন তাঁরা৷ আন্দোলনের চাপে কলা বিভাগের সবকটি বিষয়েই প্রবেশিকা পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তই বহাল রাখতে কার্যত বাধ্য হয় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কর্মসমিতি৷ তবে শুধু প্রবেশিকা পরীক্ষায় নম্বরই নয়, বোর্ডের পরীক্ষার নম্বরও বিবেচনা করা হবে৷ দুটি পরীক্ষার পঞ্চাশ শতাংশ নম্বরের ভিত্তিতে কলা বিভাগে পড়ুয়াদের ভরতি নেওয়া হবে বলে জানানো হয়৷
আগামী ২১ জুলাই প্রবেশিকা পরীক্ষার দিন স্থির হয় যাদবপুর বিশ্ববিদ্যালয়ে৷ কিন্তু, সেদিন আবার ধর্মতলায় তৃণমূল কংগ্রেসের শহিদ সমাবেশ৷ সেক্ষেত্রে শহরে যানবাহন চলাচলে ব্যাঘাত ঘটতে পারে৷ বিপাকে পড়তে পারেন পড়ুয়ারা৷ সূত্রের খবর, পড়ুয়াদের ভোগান্তি কমাতে প্রবেশিকা পরীক্ষা ২ দিন পিছিয়ে দেওযার সিদ্ধান্ত নিয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ৷ পরীক্ষা হবে ২৩ জুলাই৷ সোমবার দিন বদলের কথা জানিয়ে বিজ্ঞপ্তি জারি করা হবে বলেও জানা গিয়েছে৷
[মৃত শিশুর চোখ উধাও, কাঠগড়ায় এসএসকেএম হাসপাতাল]