সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর পাঁচটা বছরের মতো এবছরও ঠাঁসা ক্রীড়াসূচি ভারতীয় ক্রিকেট দলের। দীর্ঘ ইংল্যান্ড সিরিজের পরই সংযুক্ত আরব আমিরশাহিতে এশিয়া কাপ খেলার কথা রয়েছে বিরাট ব্রিগেডের। এশিয়া কাপেই পাকিস্তানের বিরুদ্ধে ঐতিহাসিক ওয়ান ডে ম্যাচ খেলার কথা ভারতের। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে হারের বদলা নেওয়ার সুযোগও দুবাইয়েই পেয়ে যাবে ভারত।কিন্তু এহেন প্রতীক্ষিত টুর্নামেন্ট থেকেই বিরাটদের নাম প্রত্যাহারের পরামর্শ দিলেন টিম ইন্ডিয়ার প্রাক্তন ওপেনার বীরেন্দ্র শেহবাগ।
[১৯ সেপ্টেম্বর মুখোমুখি ভারত-পাকিস্তান, এশিয়া কাপের সূচি নিয়ে উঠছে প্রশ্ন]
আসলে গোল বেঁধেছে এশিয়া কাপের ক্রীড়াসূচিতে। সদ্যঘোষিত সূচি অনুযায়ী ১৮ সেপ্টেম্বর প্রথম ম্যাচ খেলবে ভারত। তার ঠিক পরদিনই অর্থাৎ ১৯ সেপ্টেম্বর পাকিস্তানের বিরুদ্ধে খেলার কথা টিম ইন্ডিয়ার। টি-টোয়েন্টি টুর্নামেন্টেও সচরাচর যা হয় না, সেটাই এবার হতে চলেছে এশিয়া কাপে। পরপর দু’দিন দুটি ওয়ান ডে ম্যাচ খেলতে হবে টিম ইন্ডিয়াকে।অর্থাৎ, একপ্রকার ক্লান্ত ভারতীয় দলকেই পাকিস্তানের মুখোমুখি হতে হবে। আইসিসি-র এমন সূচি নিয়ে তাই ইতিমধ্যেই নেটদুনিয়ায় শুরু হয়েছে আলোচনা। অনেক প্রাক্তন ক্রিকেটারই এর বিরুদ্ধে মুখ খুলেছেন। এবার সেই তালিকায় যোগ হল বীরেন্দ্র শেহবাগের নাম।
[পিচ দেখে না-খুশ বিরাটরা, মাঠেই মেজাজ হারালেন কোচ শাস্ত্রী]
এশিয়া কাপের ক্রীড়াসূচি নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করলেন বীরু। তিনি বললেন,“সূচি তৈরিতে যখন এত সমস্যা হচ্ছিল তখন ভারত এশিয়া কাপ না খেললেই তো পারে। যে কোনও ক্রিকেটারের ম্যাচের পরে বিশ্রামের জন্য অন্তত ২৪ থেকে ৪৮ ঘণ্টা সময়ের প্রয়োজন। কোনওভাবেই পরপর ম্যাচ হওয়া উচিত নয়, সেপ্টেম্বরে যখন ভারত দুবাইয়ে এশিয়া কাপের ম্যাচ খেলবে তখন প্রচণ্ড গরমে ক্রিকেটারদের ফিটনেসের সমস্যা দেখা দিতে পারে। আগের দিন ম্যাচ খেলার ফলে আমাদের ছেলেরা ক্লান্ত থাকবে, অন্যদিকে পাকিস্তান দল পুরোপুরি ফিট থাকবে। এই অবস্থায় ভারত যদি ম্যাচ হেরে যায় তাহলে তীব্র সমালোচনার মুখে পড়তে হবে ক্রিকেটারদের। বিসিসিআই ক্রিকেটারদের বিশ্রাম দেওয়ার জন্য ইংল্যান্ডে চারদিনের একদিন কমিয়ে দিয়েছে বিসিসিআই। এসব না করে এশিয়া কাপ না খেলার সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল।”