সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইসলামপুর কাণ্ডের প্রতিবাদে বাংলায় ১২ ঘণ্টার বনধ করছে বিজেপি৷ একটু বেলা বাড়তেই বনধের সমর্থনে মিছিল বের করে বিজেপি৷ এদিকে, বনধের বিরোধিতায় ময়দানে নামে তৃণমূলও৷ দুপক্ষের মিছিল ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে কলকাতা৷ শুধু কলকাতাই নয়, থমথমে পরিস্থিতি শিলিগুড়িরও৷
[বনধে থমথমে ইসলামপুর, নিহতদের বাড়িতে যাচ্ছেন শুভেন্দু]
বনধের দিনে সকাল থেকে কলকাতার ছবিটা ছিল আর পাঁচদিনের মতোই৷ রাস্তায় সরকারি বাসের দেখা যেমন মিলেছে, তেমনই ছিল বেসরকারি বাসও৷ যাত্রীর সংখ্যা ছিল যথেষ্টই৷ বনধের দিন সকালে শহরের গুরুত্বপূর্ণ মোড় যেমন হাজরা, ধর্মতলা কার্যত স্বাভাবিক ছন্দেই ছিল৷ অতিরিক্ত পুলিশকর্মী ও অফিসারও মোড়ে মোড়ে সজাগ ছিলেন৷ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বনধের সমর্থনে রাস্তায় বেরোন বিজেপি কর্মী সমর্থকরা৷ প্রথমে শ্যামবাজার মেট্রো স্টেশনের সামনে জমায়েত হন বনধ সমর্থনকারীরা৷ এর পাশাপাশি জোড়াবাগানে একটি মিছিল বের করে বিজেপি৷ ওই মিছিল ধীরে ধীরে পৌঁছায় বিধান সরণী৷ সেখানে বিজেপি কর্মীরা অটো আটকানোর চেষ্টা করে৷ এদিকে, সেই সময়ই একটি মিছিল বের করে তৃণমূলও৷ দুটি মিছিল মুখোমুখি হয়ে যায়৷ দু’পক্ষের মধ্যে একপ্রস্থ গণ্ডগোল বাধে৷ পরিস্থিতি ঘোরাল আকার নেওয়ার আগেই ঘটনাস্থলে পুলিশ পৌঁছায়৷ গণ্ডগোল মিটে যায়৷ তৃণমূলের মিছিল কিছুক্ষণের জন্য আটকে দেওয়া হয়৷ এগিয়ে যায় বিজেপির মিছিল৷
[বনধের সকালে কার্যত স্বাভাবিক কলকাতা, রাস্তায় অতিরিক্ত সরকারি বাস]
এরপর বিজেপির ওই মিছিল পৌঁছায় বড়বাজারে৷ তখন সবেমাত্র স্বাভাবিক ছন্দেই সবে দোকানপাট খুলেছে ওই এলাকায়৷ জোর করে দোকান বন্ধের চেষ্টা করে বিজেপি কর্মী সমর্থকরা৷ তাতেই বাধা দেন তৃণমূল কর্মী সমর্থকরা৷ আবার দুপক্ষ বচসা, হাতাহাতিতে জড়িয়ে পড়ে৷ পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে পরিস্থিতি স্বাভাবিক হয়৷ এদিকে, রাজ্য সভাপতি দিলীপ ঘোষ মিছিল করেন রাসবিহারীতে৷ গড়িয়াহাটে মিছিল করেন রূপা গঙ্গোপাধ্যায়৷ বনধের বিরোধিতায় হাজরায় পালটা মিছিল করেন মুকুল রায়৷
[বিজেপির বাংলা বনধে বিক্ষিপ্ত অশান্তি, ব্যাহত রেল চলাচল]
কলকাতার পাশাপাশি উত্তপ্ত শিলিগুড়িও৷ বনধের সমর্থনে ওই এলাকায় দোকানপাট বন্ধের চেষ্টা করে বিজেপি৷ তাতেই বাধা দেন তৃণমূল সমর্থকরা৷ বনধ সমর্থনকারীর উপর চড়াও হন কাউন্সিলর রঞ্জন শীল শর্মা৷ বিজেপি সমর্থককে বেধড়ক মারধর করা হয়৷ পরে যদিও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে৷
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন