রূপায়ণ গঙ্গোপাধ্যায়: এরাজ্যে নরেন্দ্র মোদি এবং যোগী আদিত্যনাথের জনসভার চূড়ান্ত দিনক্ষণ ঘোষণা করল বিজেপি৷ আগামী ২ ফেব্রুয়ারি রাজ্যে আসছেন মোদি৷ দু’টি বড় জনসভা করবেন ঠাকুরনগর ও দুর্গাপুরে৷ অন্যদিকে, গণতন্ত্র বাঁচাও সভা করতে দু’দিনের বাংলা সফরে আসছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ৷ চারটি বড় জনসভার কর্মসূচি রয়েছে তাঁর। ৩ ফেব্রুয়ারি দু’টি সভা করবেন বাঁকুড়া ও পুরুলিয়ায়। ৫ ফেব্রুয়ারি আরও দু’টি জনসভা করবেন বালুরঘাট ও রায়গঞ্জে৷
[অফিস টাইমে ফের মেট্রো বিভ্রাট, টালিগঞ্জে ছড়াল আগুন আতঙ্ক ]
সূত্রের খবর, ঠাকুরনগরে জনসভার আগে মতুয়া মহাসংঘে প্রধান বড়মা বীণাপানি দেবীর সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ নেবেন তাঁর আশীর্বাদ৷ মতুয়া ভোট ব্যাংক যে তাঁদের অন্যতম টার্গেট, মালদহের জনসভা থেকেই তা স্পষ্ট করে দিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ৷ সেখানে তিনি ঘোষণা করেন, নাগরিকত্ব সংশোধনী বিল পাশ করে হিন্দু বাংলাদেশী শরণার্থীদের ভারতের নাগরিকত্ব পাওয়ার পথ প্রশস্ত করেতে চায় বিজেপি সরকার৷ শাহের এই বক্তৃতার লক্ষ্য যে এ রাজ্যের মতুয়া ভোট ব্যাংক, তা বুঝতে অসুবিধা হয়নি রাজনৈতিক বিশ্লেষকদের৷ পাশাপাশি, এই মতুয়া ভোট ব্যাংক দীর্ঘদিন ধরেই রয়েছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের দখলে৷ ফলে বিজেপিকে তাঁরাও পালটা হুঁশিয়ারি দিয়ে রেখেছেন৷ তৃণমূলের অন্দরের খবর, এদিন প্রধানমন্ত্রীর উদ্দেশে কালো পতাকা দেখিয়ে প্রতিবাদের করার প্রস্তুতি নিচ্ছেন সমর্থকরা৷
[প্রয়াত হোমিওপ্যাথির ‘জাদুকর’ রামকৃষ্ণ ঘোষ মণ্ডল]
রাজ্য বিজেপি সূত্রে খবর, জনসভা করতে আবারও রাজ্যে আসবেন বিজেপি সর্বভারতীয় সভাপতি অমিত শাহ৷ আগামী ২৯ জানুয়ারি পূর্ব মেদিনীপুরের কাঁথিতে জনসভা করবেন তিনি৷ এছাড়া ডায়মন্ডহারবারে জনসভা করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। ঘাটাল ও আরামবাগের সভায় মূল বক্তা হিসেবে থাকবেন পশ্চিমবঙ্গের পাশের রাজ্য ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব৷ দমদমে সভা করবেন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। উনিশের লড়াইয়ে এরাজ্যে পদ্ম ফোঁটার জমি শক্ত করতে দলের একগুচ্ছ হেভিওয়েট নেতাকে আসরে নামাচ্ছেন নরেন্দ্র মোদি, অমিত শাহরা।