অর্ণব আইচ: মদ খাওয়া নিয়ে বচসার জের। খাস কলকাতায় (Kolkata) বাবাকে খুনের অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে। ইতিমধ্যেই অভিযুক্ত যুবককে আটক করেছে পুলিশ।
জানা গিয়েছে, অভিযুক্ত যুবকের নাম রাজা দাস। ট্যাংরার বাসিন্দা ওই যুবকের বাবার আর্থিক অবস্থা কোনওদিনই খুব ভাল ছিল না। তাই ছেলেকে বেশি দূর পড়াতেও পারেননি তিনি। এদিকে ছেলের স্বপ্ন ছিল WBCS অফিসার হবে। তাই বাবার উপর ছেলে বেলা থেকেই তার ক্ষোভ ছিল প্রবল। সময়ের সঙ্গে সঙ্গে তা বাড়ে। এক পর্যায়ে নিয়মিত মদ খেয়ে বাড়ি ফিরত ওই যুবক। অশান্তি করত। যা নিয়ে বাবার সঙ্গে তার কথা কাটাকাটি চলত। রবিবার রাতেও মদ্যপ অবস্থায় বাড়ি ফেরে রাজা। ফের বাবার সঙ্গে ঝামেলা শুরু করে সে। নিত্যদিনের ঝগড়া থেকে রেহাই পেতে প্রতিবেশীর বাড়ি চলে যান যুবকের মা। সেখানেই ঘুমিয়ে প়ড়েন তিনি।
[আরও পড়ুন: খাস কলকাতায় কলেজে ভরতির নামে দেড় লক্ষ টাকার জালিয়াতি, দায়ের অভিযোগ]
সোমবার সকালে ঘরে ফিরে ওই মহিলা দেখেন বারান্দায় পড়ে রয়েছে স্বামী। নজরে পড়ে নাকে জমাট বাঁধা রক্ত। এরপরই ঘরে ঢুকে দেখেন ভিতরে ঘুমোচ্ছেন রাজা। এতেই স্থানীয়দের সন্দেহের দৃষ্টি পড়ে ওই যুবকের উপর। তড়িঘড়ি খবর দেওয়া হয় থানায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। আটক করা হয়েছে রাজাকে।