সুকুমার সরকার, ঢাকা: গণজাগরণ মঞ্চের কর্মী ও ব্লগার আহমেদ রাজীব হায়দার হত্যা মামলায় ফাঁসির সাজাপ্রাপ্ত আসামী রেদোয়ানুল আজাদ রানা-সহ দু’জনকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট। সোমবার দুপুরে ঢাকার উত্তরা থেকে রানা এবং আশরাফকে গ্রেপ্তার করা হয়।
দেখুন কীভাবে শিশুদের জেহাদি শিক্ষার পাঠ দিচ্ছে জঙ্গিরা
নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র রানার পরিকল্পনাতেই ২০১৩ সালের ফেব্রুয়ারিতে গণজাগরণ মঞ্চের আন্দোলন চলাকালীন ব্লগার রাজীবকে কুপিয়ে হত্যা করা হয়। ২০১৫ সালের ৩১ ডিসেম্বর ওই মামলার রায়ে রানা এবং ফয়জল বিন নইম দীপের ফাঁসির সাজা শোনায় আদালত। এছাড়া আরও এক অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। আনসারুল্লাহ বাংলা দলের প্রধান মুফতি মহম্মদ জসিমউদ্দিন রহমানি-সহ পাঁচজনকে বিভিন্ন মেয়াদে সাজার আদেশ দেয় আদালত। নিম্ন আদালতের ওই রায়ের বিরুদ্ধে হাই কোর্টে আপিল করে সাত আসামী। কিন্তু পলাতক থাকায় রানা হাই কোর্টে আপিল করার সুযোগ পায়নি। জানা গিয়েছে, কয়েকদিনের মধ্যেই ওই আপিলের রায় ঘোষণা করা হবে।