সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কেন্দ্রের গবাদি পশু নির্দেশিকা নিয়ে ফের সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে স্বঘোষিত গোরক্ষকদেরও প্রচ্ছন্ন হুঁশিয়ারি দিলেন মমতা। মঙ্গলবার বারাকপুরে সুকান্ত সদনে উত্তর ২৪ পরগনা জেলার প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী। উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী-বিধায়ক, পুরসভার চেয়ারম্যান, পুলিশকর্তা-সহ একাধিক আধিকারিক। সেখানেই তিনি সাফ জানিয়ে দেন, ‘কেন্দ্রের গবাদি পশু নির্দেশিকা মানতে হবে না। এটা রাজ্যের ব্যাপার। কেন্দ্রের হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না।’ তিনি সমস্ত আধিকারিকদের নির্দেশ দেন, কেন্দ্রের ফরমান মানার কোনও প্রয়োজন নেই। একইসঙ্গে সাম্প্রদায়িক হিংসা, সংঘর্ষ নিয়েও পুলিশ কর্তাদের কড়া ভাষায় সমালোচনা করেছেন মমতা। যেকোনও জায়গায় সাম্প্রদায়িক হিংসা ছড়ালে দু’পক্ষকেই শায়েস্তা করার নিদান দিয়েছেন তিনি।
[কেন্দ্রের গবাদি পশু নির্দেশিকায় ৪ সপ্তাহের স্থগিতাদেশ দিল মাদ্রাজ হাই কোর্ট]
এদিন তিনি রাজ্য পুলিশের ডিজি সুরজিৎ কর পুরকায়স্থকে নির্দেশ দেন, রমজান মাসে সর্বত্র যাতে সম্প্রীতি বজায় থাকে সেদিকে নজর দিতে। হিন্দু-মুসলমান সবর্ধর্ম নির্বিশেষে প্রত্যেককে সম্প্রীতি বজায় রাখার ডাক দেন মুখ্যমন্ত্রী। কিন্তু কেউ বা কোনও সমষ্টি সাম্প্রদায়িক হিংসা ছড়ানোর চেষ্টা করলে তা কঠোরভাবে দমন করার কথা বলেন তিনি। হিংসা ছড়ালে কোনও পক্ষ বিচার না করার পরামর্শ দিয়েছেন মমতা। তিনি বলেন, ‘যদি আমিও হিংসা ছড়াই তাহলে আমার বিরুদ্ধেও যেন ব্যবস্থা নেওয়া হয়। হিংসা ছড়ালে দুপক্ষের বিরুদ্ধেই ব্যবস্থা নিতে হবে পুলিশকে। কঠোর হাতে এইসব দাঙ্গা দমন করতে হবে।’ পাশাপাশি, মাংস খাওয়া নিয়ে প্রত্যেক মানুষের বাছাইয়ের অধিকার আছে বলে জানান মুখ্যমন্ত্রী। কেউ বাধা দিলে বা গন্ডগোল পাকালে তাদেরকেও দমন করার কথা পুলিশকে বলেন তিনি। ওয়াকিবহাল মহলের মতে, এই মন্তব্যের মধ্যে পরোক্ষে স্বঘোষিত গোরক্ষকদের হুঁশিয়ারি দেন মমতা।
[গবাদি পশু নির্দেশিকা আমরা মানব না, কেন্দ্রকে কটাক্ষ মমতার]
প্রসঙ্গত, সোমবার কেন্দ্রের গবাদি পশু নির্দেশিকার তীব্র বিরোধিতা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রের সিদ্ধান্তকে অসাংবিধানিক ও অনৈতিক বলে আইনি পথে এর মোকাবিলা করার কথা জানান মুখ্যমন্ত্রী। নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বলেন, ‘কেন্দ্রের এই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে ধ্বংস করছে। এই সিদ্ধান্ত মানব না। এই একতরফা সিদ্ধান্ত রাজ্যের ক্ষমতা খর্ব করছে। এর বিরুদ্ধে আইনি পথে মোকাবিলা করব।’ বস্তুত, গোমাংসে নিষেধাজ্ঞা নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে বহুদিন ধরেই সরব মমতা। এদিনও মোদি সরকারকে কটাক্ষ করে তিনি বলেন, ‘আমি কী খাব না খাব তা কেন্দ্র ঠিক করবে? গবাদি পশু নির্দেশিকা রাজ্যগুলির উপর চাপিয়ে দেওয়া হচ্ছে। কোনও আলোচনা ছাড়াই সিদ্ধান্ত হয়ে গেল। এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।’
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন