সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শিল্প তো কোনও ভাষা নয়, তা আদতে এক আশ্চর্য অনুভব। তাই শ্রীলঙ্কার গান ‘মানিকে মাগে হিতে’ জনপ্রিয় হয় ভারতে। ওই একই কারণে সামান্থা প্রভু (Samantha Ruth Prabhu) ও আল্লু অর্জুন (Allu Arjun) অভিনীত ব্লকবাস্টার তেলেগু ছবি পুষ্পার (Pushpa) গানের তালে এখনও নাচছে গোটা দেশ। ‘উ অন্তবা উ উ অন্তবা’য় মাতোয়ারা কাশ্মীর থেকে কন্যাকুমারিকা। এবার সেই গানের তালে মেয়ের বিয়েতে নাচতে দেখা গেল এক পক্ককেশ বাবাকে। যে নাচ দেখে মুগ্ধ নেটিজেন। এবং মুহূর্তে ভাইরাল হল ভিডিও। কোটি কোটি শেয়ার, কমেন্ট আর লাইকের বন্যা। কেবল মেয়ের বিয়েতে ‘উ অন্তবায়’ নাচলেন বলেই কি নেটিজেনদের দারুণ পছন্দ হল এই ভিডিও?
না, ভাইরাল হওয়ার আসল কারণ, প্রবীণ পিতার নাচের অপূর্ব দক্ষতা। ঠিক ছবির নায়কের কায়দাতেই গানের শুরু থেকে শেষ পর্যন্ত নাচতে দেখা যায় ওই ব্যক্তিকে। ভিডিওতে আরও দেখা গেল, কনের বাবার দুরন্ত নাচের সঙ্গে কোনওমতে পেরে উঠছেন তাঁর পাশে নৃত্যরত যুবকেরা। গানের প্রতিটি অংশে কোমড় দোলানো থেকে পায়ের সুক্ষ্ম কাজ, সবক্ষেত্রেই প্রায় নিখুঁত ছিলেন ওই ব্যক্তি। একটা সময় উপস্থিত আমন্ত্রিতরা উত্তেজনায় উঠে দাঁড়ান, কড়তালি দিয়ে অভিনন্দন জানান কনের বাবাকে।
[আরও পড়ুন: OMG! একটা সিঙাড়ার ওজনই ৩ কেজি, খেলেই মিলবে বিরাট পুরস্কার!]
ভিডিওটি ইনস্টাগ্রামে (Instagram) শেয়ার করা হয় অনুষা ওয়েডিং কোরিওগ্রাফি (Anusha Wedding Choreography) নামের একটি অ্যাকাউন্ট থেকে। এইসঙ্গে ক্যাপশানে লেখা হয় “নাচে মন জিতে নিলেন কনের বাবা”। ইতিমধ্যে ভিডিওটির আট লাখের বেশি ভিউ হয়েছে। কনের বাবার নাচের প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা। এক নেটাগরিকের মন্তব্য, “ইনস্টাগ্রামে আমার দেখা সেরা ভিডিও।” প্রায় কাছাকাছি বক্তব্য অন্যদেরও।
View this post on Instagram
[আরও পড়ুন: অবসরের পর পেনশনই ভরসা মালদহের ‘মমতা’ ও ‘গাইডে’র]
প্রসঙ্গত, ক’দিন আগেই আল্লু অর্জুনের জনপ্রিয় নাচের স্টেপ আইপিএলের (IPL) মাঠে করে দর্শকদের মাতিয়ে দিয়েছিলেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার ডেভিড ওয়ার্নার (David Warner)। সেদিন ব্রেবোর্ন স্টেডিয়ামের দর্শক মজে ছিল ওয়ার্নারের ‘স্রিবাল্লি’ স্টেপে। শিল্পের যে ভাষা হয় না, তার আবেদন যে জগতব্যাপি, ওয়ার্নারের নাচেও সেটাই প্রমাণিত হয়েছিল।