সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লিওনেল মেসি হওয়ার কী জ্বালা, তাঁর থেকে ভাল কে বুঝবে! ২৩ বছর আর্জেন্টিনা কোনও বড় টুর্নামেন্ট জেতেনি৷ ২০১৪ ব্রাজিল ফাইনাল থেকে গতবার কোপা ফাইনালে পৌঁছেও ট্রফি হাতছাড়া করেছে তারা৷ তাই মারাদোনা, পেলের সঙ্গে মেসির নাম উচ্চারিত হলেও কেউ কেউ মনে করিয়ে দিতে ভোলেন না –মেসির কিন্তু বিশ্বকাপ নেই! দেশের জন্য তাঁর আবেগ কম৷ জাতীয় সঙ্গীতে গলা মেলান না৷ ইত্যাদি ইত্যাদি নানা অভিযোগ রয়েছে বার্সা সুপারস্টারের বিরুদ্ধে৷ বার্সেলোনার হয়ে একগুচ্ছ ট্রফি জিতলেও সেসব তো দেশের নয়৷ শতবর্ষের কোপা ফাইনালে চিলির বিরুদ্ধে নামার আগে তাই তেতে রয়েছেন এলএম টেন৷ আর্জেন্টিনা অধিনায়ক এবার সমালোচকদের মুখ বন্ধ করে ইতিহাস বদলাতে চান৷
২৩ বছর আর্জেন্টিনা কোনও বড় টুর্নামেন্ট জেতেনি৷ তিতিবিরক্ত মেসি তাই একবার বলেই ফেলেছিলেন, লোকে যা খুশি তাই বলে৷ দু’টো ফাইনাল খেলেছেন৷ সেটাও কম না কি? গতবার চিলির কাছে ফাইনাল হেরেই কাপ খুইয়েছিল দল৷ একই ঘটনার পুনরাবৃত্তি চান না আর্জেন্টাইন তারকা৷ তিনি বদ্ধপরিকর৷ রাখঢাক না করে বলেও দিলেন, “কাপ জয়ের খুব কাছে পৌঁছে গিয়েছি৷ এখান থেকে চ্যাম্পিয়ন হওয়া ছাড়া কিছু ভাবতে পারছি না৷ বদলাতে চাই ইতিহাস৷”

এবার না পারলে এমন সুযোগ ফের আসবে কি না তা নিয়ে সংশয়ে মেসি নিজেও৷ তাই শুভ কাজ সেরে রাখতে চান তিনি৷ সাংবাদিক সম্মেলনে বলে দিলেন, “এই সুযোগ ফস্কালে জানি না আর কখনও সেটা আমাদের হাতে আসবে কি না৷ চ্যাম্পিয়ন হওয়ার চেষ্টা করতে হবে৷” তিনি নিজে দুরন্ত ফর্মে৷ তবে মেসি টিমগেমকেই গুরুত্ব দিচ্ছেন৷ তাঁর কথায়, “আগের কোপার পর প্রায় এক বছর হতে চলল৷ তখনকার দলটা এরপর একসঙ্গে অনেক ম্যাচ খেলেছে৷ আমাদের মধ্যে বোঝাপড়ার জায়গাটা ভাল হয়েছে৷”
চিলি নিয়ে সতর্কতার সুর মেসির গলায়৷ “ফাইনালের সঙ্গে গ্রুপের খেলার তুলনা হয় না৷ এই ম্যাচটা সবসময় অন্যরকম৷ চিলি কেমন প্রতিপক্ষ কারও অজানা নয়৷ ওরা আমাদের স্বাভাবিক খেলা খেলতে দিতে চাইবে না৷ ওদের কাউন্টার অ্যাটাকও মারাত্মক৷ তাই সতর্ক থাকতে হবে৷” বলে দেন তিনি৷
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন