অরিজিৎ গুপ্ত: হাওড়ার বালি থেকে গ্রেপ্তার নিহত তৃণমূল নেতা তথা পরিবেশ কর্মী তপন দত্তের স্ত্রী প্রতিমা দত্ত। কেবল টিভির ব্যবসা সংক্রান্ত গোলমালের জেরেই তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গিয়েছে। তিন জনকে মারধর করার অভিযোগ আনা হয়েছে তাঁর বিরুদ্ধে।
[নাবালিকাকে ধর্ষণের চেষ্টা প্রতিবেশী ব্যবসায়ীর, অভিযুক্ত গ্রেপ্তার]
শনিবার ভোরে হাওড়া জেলার নিশ্চিন্দা থানা এলাকা থেকে প্রতিমা দত্তকে গ্রেপ্তার করা হয়। এরপর তাঁকে নিয়ে যাওয়া হয় হাওড়া ময়দান চত্বরের মহিলা পুলিশ থানায়। প্রসঙ্গত, ২০১১ সালের ৬ মে খুন হন বালির পরিবেশ কর্মী তথা তৃণমূল নেতা তপন দত্ত৷ অভিযোগ ওঠে তৃণমূলেরই নেতা-কর্মীদেরই বিরুদ্ধে৷ তবে মামলায় অভিযুক্ত পাঁচজনকেই বেকসুর খালাস করে দিয়েছিল হাওড়া আদালত৷ সেই রায়ের বিরুদ্ধে হাই কোর্টে যান তপন দত্তর স্ত্রী প্রতিমা দত্ত৷ আর চলতি বছরের এপ্রিল মাসেই হাওড়া আদালতের রায়কে ‘ভুলে ভরা’ আখ্যা দিয়ে তা খারিজ করে দেয় কলকাতা হাই কোর্ট৷ বিচারপতি দেবাশিস করগুপ্ত ও বিচারপতি মুমতাজ খান হাওড়া আদালতের রায়কে সমালোচনা করে বলেন, ‘ওই রায়ে প্রত্যক্ষদর্শীদের বয়ানকে গুরুত্ব দেওয়া হয়নি৷ ফলে বেশ কিছু ফাঁকফোকর রয়ে গিয়েছে৷ নতুন করে বিচার প্রক্রিয়া শুরু করতে হবে৷’
[জালিয়াতির অভিযোগে গ্রেপ্তার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর অনুপম দত্ত]
তার কয়েকদিন পরই এই গ্রেপ্তারির ঘটনা ঘটে। যাকে ষড়যন্ত্র আখ্যা দিয়েছে হাওড়ার ‘আক্রান্ত আমরা’ নামক সংগঠন৷ সংগঠনের তরফে দাবি করা হয়েছে, তপন দত্তের হত্যা নিয়ে সোচ্চার হওয়ার জন্যই ফাঁসানো হয়েছে প্রতিমাদেবীকে৷ এর বিরুদ্ধে সংগঠনের পক্ষ থেকে বেলা একটায় হাওড়া ময়দান চত্বরে বিক্ষোভ দেখানো হয়৷ হাওড়া পুলিশ কমিশনারেটের কাছে ডেপুটেশনও জমা দেওয়া হয়৷
[প্রায় ২০ ঘণ্টা পর উদ্ধার সাঁতারু কাজল দত্তের দেহ]