সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০১৯ লোকসভা ভোটের জন্য প্রস্তুতি শুরু করে দিলেন নরেন্দ্র মোদির বিশ্বস্ত সেনাপতি অমিত শাহ। সূত্রের খবর, মিশন ২০১৯-এ বিজেপির লক্ষ্য অন্তত ৩৫০টি আসন জেতা। যার মধ্যে ১৫০টি আসনের দিকে বিশেষভাবে নজর দিচ্ছে গেরুয়া শিবির।
সূত্রের খবর, লোকসভা ভোটের আগে ঘর গুছিয়ে নিতে কেন্দ্রের আটজন মন্ত্রীকে নিয়ে বিশেষ বৈঠকে বসেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। ওই বৈঠকে কোন রাজ্যে বিজেপির সাংগঠনিক দুর্বলতা রয়েছে বা কোন রাজ্যে বিজেপি কর্মীরা খানিকটা মনোবল হারিয়েছেন- সেই সমস্ত বিষয় নিয়ে খুঁটিয়ে আলোচনা হয়। রাজ্য সফরের সময় এই সব তথ্য জোগাড় করে রেখেছিলেন অমিত শাহ। এই বিশেষ বৈঠকে পাওয়ার-পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে সেই সব তথ্য নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করা হয়।
[বিমানসেবিকার মৃত্যুতে নয়া মোড়, খুন করে কি ফেলে দেওয়া হয়েছিল দেহ?]
সূত্রের খবর, বৈঠকে প্রতি পাঁচটি লোকসভা কেন্দ্র পিছু একজন করে কেন্দ্রীয় মন্ত্রীকে দায়িত্ব দেওয়া হয়েছে। তৈরি করা হয়েছে ক্লাস্টার। প্রতি তিন থেকে চার মাস অন্তর জেলাওয়াড়ি সমীক্ষা করা হবে। একেবারে তৃণমূল স্তরে মানুষ বিজেপি সম্পর্কে কী মনোভাব পোষণ করছেন, তার আঁচ পেতে এই সমীক্ষা চালানো হবে। জে পি নাড্ডা, রবিশঙ্কর প্রসাদ, প্রকাশ জাভড়েকর, অনন্ত কুমার, ধর্মেন্দ্র প্রধান, মনোজ সিনহার মতো মন্ত্রীদের আলাদা আলাদা রাজ্যের বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে।
সূত্রের খবর জে পি নাড্ডা ও মনোজ সিনহাকে দেওয়া হয়েছে এ রাজ্যের দায়িত্ব। অসম লোকসভার দায়িত্ব পেয়েছেন রবিশঙ্কর প্রসাদ, কেরলের দায়িত্ব পেয়েছেন ধর্মেন্দ্র প্রধান, তামিলনাড়ুর লোকসভা কেন্দ্রের দেখভাল করবেন গোয়েল, নির্মলা সীতারমণ দেখবেন কর্নাটক লোকসভা কেন্দ্রগুলি। প্রত্যেক নেতাকে নিয়ম করে তাঁর দায়িত্বে থাকা লোকসভা কেন্দ্র পরিদর্শনে যেতে হবে। দলীয় এক সূত্রের মতে, প্রবীণ নেতাদের অভিজ্ঞতা ও নবীনদের উদ্যমে ভর করেই ২০১৯ নির্বাচনেও গেরুয়া ঝড় তুলতে চায় বিজেপি।