সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শ্রীলঙ্কায় চলতি ওয়ানডে সিরিজের প্রথমটিতেই বিরাট ব্যবধানে জয়। টেস্টের পর ওয়ানডেতেও তাই লঙ্কাব্রিগেডকে হোয়াইটওয়াশ করতে চাইছে টিম ইন্ডিয়া। আর এর মধ্যেই প্রাক্তন ভারতীয় অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের শংসাপত্র পেয়ে গেল বিরাট ব্রিগেড। তবে চলতি সিরিজে ভারতীয় দলে নেই রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজা। দু’জনকেই বিশ্রাম দেওয়া হয়েছে। কিন্তু এর মধ্যে জাতীয় দলে অশ্বিনের না থাকা নিয়ে প্রশ্ন তুলে দিলেন সৌরভ। তাঁর মতে, দুর্দান্ত পারফর্ম করলেও পরবর্তী বিশ্বকাপ ইংল্যান্ডে অনুষ্ঠিত হওয়ায় সেখানে অশ্বিনের থেকে বেশি কার্যকর হতে পারেন কুলদীপ।
[সোশ্যাল মিডিয়ায় মিতালির শরীর নিয়ে ‘বাঁকা’ মন্তব্য, কড়া জবাব ক্যাপ্টেনের]
দল নির্বাচনের সময় অশ্বিন এবং জাদেজাকে বিশ্রাম দেওয়ার কথা জানিয়েছিলেন নির্বাচকরা। কিন্তু সৌরভের মতে, উপমহাদেশের পিচে অশ্বিন ভয়ঙ্কর হলেও বর্তমানে তাঁর জায়গা চলে যেতে পারে বাঁ-হাতি চায়নাম্যান বোলার কুলদীপ যাদবের কাছে। মহারাজ বলেন, ‘একসময় জাতীয় দলে খেলার কারণে এব্যাপারে আমি বেশ ভালই ওয়াকিবহাল। শ্রীলঙ্কায় অনুষ্ঠিত টেস্ট সিরিজে অশ্বিন দুর্দান্ত পারফরম্যান্স করেছে। তবুও আমার মনে হয় ওয়ানডে ক্রিকেটের ক্ষেত্রে কিছুটা হলেও কুলদীপ এগিয়ে। বিশেষ করে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়ার মতো পিচগুলিতে অশ্বিনের থেকে কুলদীপ বেশি কার্যকরী। এছাড়া ২০১৯ সালে বিশ্বকাপ হতে চলেছে ইংল্যান্ডে।’
[প্রথম প্যারালিম্পিয়ান হিসেবে খেলরত্নে সম্মানিত হতে চলেছেন দেবেন্দ্র]
এর পরই বিরাটদের ভূয়সী প্রশংসা করেন তিনি। প্রাক্তন ভারত অধিনায়ক বললেন, ‘বিরাটরা মাত্র ২৯ ওভারে ম্যাচ শেষ করে দিল। এটাই প্রমাণ করে দেয় শ্রীলঙ্কার বোলিং অ্যাটাক কী রকম। উইকেট তুলতে ওদের বেশ সমস্যায় পড়তে হচ্ছে। প্রথম ম্যাচে বিরাটরা শেষ একশো রান তো মাত্র ৫০-৬০ বলে করে গেল। তাতে অবশ্য আমি এতটুকু অবাক নেই। দুটো দলের মধ্যে কতটা পার্থক্য সেটাই বারবার দেখিয়ে দিচ্ছে বিরাটরা। সিরিজ শুরুর প্রথম দিন থেকে একপেশে ক্রিকেট চলে আসছে। আমার মনে হয় শেষপর্যন্ত এটাই থাকবে। কারণ শ্রীলঙ্কা হঠাৎ করে পারফরম্যান্সে আমূল বদল আনবে, সেরকম দেখছি না।’
[অবশেষে ইস্টবেঙ্গলে সই মোহনবাগান তারকা কাটসুমির]
একইসঙ্গে প্রশংসা করেন শিখর ধাওয়ানেরও। সৌরভ বললেন, ‘ও দারুণ ওয়ান ডে ক্রিকেটার। শেষ পাঁচ-ছয় বছর ধরে এই ফরম্যাটের ক্রিকেটে দারুণ খেলছে। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড যেখানেই গিয়েছে ভাল ব্যাট করেছে। এখন আবার শ্রীলঙ্কাতে। নিজের ব্যাটিং এনজয় করছে। ওর সবচেয় বড় গুণ হল ইনিংস কীভাবে এগিয়ে নিয়ে যেতে হবে, সেটা খুব ভাল করে জানে। ওর ব্যাটিং দেখতে দারুণ লাগে। খুব উপভোগ্য। হয়তো শ্রীলঙ্কার বোলিং আহামরি নয়। কিন্তু ধারাবাহিকভাবে রান করে যাওয়া সহজ নয়। বিশেষ করে এভাবে পরের পর সেঞ্চুরি করা অবশ্যই কৃতিত্বের।’ এদিকে জানা গিয়েছে, টিম ইন্ডিয়ার অন্দরের খবর নতুন আসা কিট নিয়ে খুশি নন বিরাট কোহলিরা। খবর, খুব দ্রুতই এব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ করবে বোর্ড। অন্যদিকে, মঙ্গলবারই দ্বিতীয় ওয়ানডে খেলতে পাল্লাকেলেতে পৌঁছাল ভারতীয় দল। এমনকী অনুশীলনেও নেমে পড়লেন তাঁরা।



ছবি সৌজন্য: দেবাশিস সেন
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন