সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ধোনি বনাম রোহিত (MS Dhoni vs Rohit Sharma)। আইপিএলের এই লড়াইটা দেখার অপেক্ষায় থাকতেন সব ক্রিকেটভক্তরাই। মুম্বই ইন্ডিয়ান্সে রোহিত-জমানা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে রোহিত বনাম ধোনির মগজাস্ত্রের লড়াইয়েরও অবসান ঘটল। আগামী মরশুমের আইপিএলে আর দেখা যাবে না রোহিত বনাম ধোনির ধুরন্ধর মস্তিষ্কের লড়াই। সোশাল মিডিয়ায় সিএসকে লিখেছে, ”২০১৩-২০২৩: এক দশকের দুর্দমনীয় লড়াই। অনেক শ্রদ্ধা রোহিত শর্মা।”
রোহিতের নেতৃত্বে মুম্বই ইন্ডিয়ান্স পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন। ধোনির অধিনায়কত্বেও পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন সিএসকে। সেভাবে বললে আইপিএলের সেরা দুই অধিনায়ক রোহিত ও ধোনি। মুম্বই ইন্ডিয়ান্সের নেতৃত্বের আর্মব্যান্ড সরিয়ে রাখার সঙ্গে সঙ্গেই দুই নেতার ধুরন্ধর মগজাস্ত্রের লড়াইও শেষ হয়ে গেল।
[আরও পড়ুন: হার্দিক অধিনায়ক হতেই অসন্তোষ বাড়ল সমর্থকদের, ব্যাপক ফলোয়ার কমল মুম্বই ইন্ডিয়ান্সের]
এদিকে হার্দিক পাণ্ডিয়া নতুন অধিনায়ক ঘোষিত হওয়ার পরই মুম্বই ইন্ডিয়ান্সের ফলোয়ার সংখ্যা কমে গেল ৪ লক্ষ। রোহিত শর্মা মুম্বই ইন্ডিয়ান্সের দায়িত্ব নেন ২০১৩ সালে। তার পর থেকেই মুম্বই ইন্ডিয়ান্স সাফল্যের মুখ দেখে। ২০১৩, ২০১৫, ২০১৭, ২০১৯ এবং ২০২০ সালে আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে।
2013 ➡️ 2023 : A decade of spirited challenge! Much respect, Rohit! 🫡🔥 pic.twitter.com/B8rqCmmT5R
— Chennai Super Kings (@ChennaiIPL) December 15, 2023
মুম্বই ইন্ডিয়ান্সের তরফে লেখা হয়েছে, ”২০১৩ সালে মুম্বই ইন্ডিয়ান্সের নেতৃত্ব গ্রহণ করে রোহিত। তুমি আমাদের বিশ্বাস করতে শিখিয়েছিলে। জয়-পরাজয়ের মধ্যে তুমি আমাদের হাসতে শিখিয়েছিলে। ১০ বছর এবং ৬টি ট্রফির পরে আজ আমরা এখানে। তুমি আমাদের চিরদিনের অধিনায়ক। তোমার পরম্পরা নীল এবং সোনালি রংয়ে লেখা থাকবে। ধন্যবাদ অধিনায়ক রো।”