সুকুমার সরকার, ঢাকা: নদীয়া জেলার ইন্দো-বাংলা সীমান্ত সংলগ্ন চাঁপাইনবাবগঞ্জ জেলার পদ্মার চরের আলাতুলী জঙ্গি ডেরায় নিহতরা আত্মঘাতী বিস্ফোরণ ঘটিয়ে আত্মহত্যা করেছে। বুধবার নিহত তিন জঙ্গির মরদেহের ময়নাতদন্তের পর এ তথ্য জানায় ব়্যাব। চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. নাদিম সরকার জানান, জঙ্গিদের দেহের অংশগুলো ছিন্ন-বিচ্ছিন্ন ছিলো। আটক তিন জঙ্গি র্যাব হেফাজতে রয়েছে। নিহতরা জেএমবির সক্রিয় সদস্য। অভিযানে বাড়িটি থেকে পিস্তল, ইম্প্রোভাইজ এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) এবং পাওয়ার জেল-সহ বোমা তৈরির বেশকিছু সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এছাড়া দু’টি শক্তিশালী হ্যান্ড গ্রেনেড উদ্ধার করে নিষ্ক্রিয় করেছে র্যাবের বোমা বিশেষজ্ঞ দল।
[বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জে ব়্যাবের সঙ্গে গুলিযুদ্ধে নিকেশ ৩ জঙ্গি]
ঢাকার মিরপুরের দারুস সালাম জঙ্গি আস্তানায় ধৃতদের জিজ্ঞাসাবাদ করে জানা যায়, সীমান্তবর্তী এলাকায় তাদের সংগঠনকে সামরিকভাবে শক্তিশালী করতে সদস্য সংগ্রহের কাজ চলছে। সেখানে বিস্ফোরক তৈরির কাজও শেখানো হচ্ছে। এ তথ্যের ভিত্তিতে ব়্যাব সদস্যরা চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী এলাকায় নজরদারি শুরু করে। গত সোমবার দুপুর ৩টে থেকে বাড়িটি ঘিরে রাখে ব়্যাব। ১৫ দিন আগে দুই জঙ্গি বাড়িটি ভাড়া নিয়েছিল। তারা নিজেদের এনজিও কর্মী বলে পরিচয় দেয়। বাড়ির মালিককে বলেছিল- তারা পাখিপ্রেমী। বাড়িটিতে থেকে চরাঞ্চলের পাখিদের ছবি তুলবে তারা। তাদের ব্যাপারে বিস্তারিত জানতে জিজ্ঞাসাবাদের জন্য বাড়ির মালিকের স্ত্রীসহ তিনজনকে বিকেলে রাজশাহীতে ব়্যাব-৫ এর সদর দফতরে নিয়ে যাওয়া হয়েছে। আটক করা হয় ওই বাথানবাড়ির মালিক রাশিকুল ইসলামের স্ত্রী নাজমা বেগম (৩৫), তার শ্বশুর খুরশেদ (৬০) ও শাশুড়ি মনিরা বেগম (৫০)।
[ঢাকায় পা রাখার আগেই রোবট সোফিয়াকে নিয়ে উদ্দীপনা বাংলাদেশে]
অন্যদিকে, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় আলাদা অভিযান চালিয়ে ১১টি পিস্তল, ২৮ রাউন্ড গুলি ও ৬টি ম্যাগজিন উদ্ধার করেছে বিজিবি ও র্যাব। এসময় আশরাফুল আলম আশিক (২৮) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আবদুল মান্নান ও তার ছেলে সাদিকুল এ সময় পালিয়ে যান। ওই বাড়িতে তল্লাশি চালিয়ে ৯টি পিস্তল, ১৫ রাউন্ড গুলি ও ২টি ম্যাগজিন জব্দ করা হয়। অপরদিকে, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প সোমবার রাত সাড়ে ৯টায় জেলার শিবগঞ্জের রানীনগর গোপালপুরঘাট ব্রিজের পাশে অভিযান চালিয়ে ২টি পিস্তল, ১৩ রাউন্ড গুলি-সহ আশরাফুল নামে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করে।