স্টাফ রিপোর্টার: ক্লাসের ফাঁকেই এবার মিলবে একটু দোলনায় দুলে নেওয়ার সুযোগ৷ কিংবা চড়ে নেওয়া যাবে স্লিপও৷ কচিকাঁচাদের আরও বেশি স্কুলমুখী করতে জুতো, সাইলেকের পর এবার স্কুলেই বিনোদন পার্কের ব্যবস্থা রাখার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার৷ রাজ্যের প্রাথমিক স্কুলের মাঠ কিংবা ফাঁকা জমিতে এবার থেকে রাখা হবে দোলনা, ‘স্লিপ’ কিংবা ‘সি-স’-র মতো একাধিক খেলাধুলার সরঞ্জাম৷
সোমবার বিধানসভায় প্রশ্নোত্তর বিভাগে এক প্রশ্নের উত্তরে একথা জানান শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷ মন্ত্রীর কথায়, যে সমস্ত স্কুলে ফাঁকা জমি কিংবা খেলার মাঠ আছে সেখানে এই খেলাধুলার সরঞ্জামগুলি রাখতে পারবে কর্তৃপক্ষ৷ ইতিমধ্যেই বিষয়টি নিয়ে দফায় দফায় বৈঠক করেছে স্কুলশিক্ষা দফতর৷ জারি হচ্ছে নির্দেশিকা৷ দ্রুত ওই নির্দেশিকা প্রাথমিক স্কুলগুলির কাছে পাঠানো হবে৷ কারা ওই খেলাধুলার সরঞ্জাম দেবে তা নিয়ে টেন্ডারও হয়ে গিয়েছে৷ একটি সরকারি সংস্থাই ওই টেন্ডার পেয়েছে৷
পার্থবাবু মনে করছেন, শিশুদের মানসিক বিকাশের জন্য খেলাধুলা করা প্রয়োজন৷ আর এই সমস্ত খেলার সরঞ্জাম শিশুদের কাছে খুবই আকর্ষণীয়৷ এগুলি স্কুলে আসার প্রতি শিশুদের আকর্ষণ আরও বাড়াবে৷ মিলবে পড়াশোনায় উৎসাহ৷ কমবে স্কুলছুট৷ অন্যদিকে এদিন শিক্ষামন্ত্রী আরও জানান, শিক্ষক নিয়োগের ধাঁচে রাজ্যের স্কুলগুলিতে শিক্ষাকর্মী নিয়োগের জন্যও এবার পৃথক কমিশন গঠনের পরিকল্পনা নেওয়া হয়েছে৷ এক্ষেত্রে জেলাভিত্তিক শিক্ষাকর্মী নিয়োগ হবে৷ রাজ্যের স্কুলগুলিতে বেশ কয়েক ধরনের অশিক্ষক কর্মী রয়েছেন৷ সরকারি কলেজের ধাঁচে সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজগুলিতেও বদলি প্রক্রিয়া চালুর ভাবনাচিন্তা শুরু হয়েছে বলে জানান শিক্ষামন্ত্রী৷
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন