সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্ব সিনেমার মানচিত্রে বাংলা সিনেমার অবস্থান ঠিক কোথায়? ঐতিহ্যের কথা সরিয়ে রাখলে সাম্প্রতিক অতীতে সেরকম বলার মতো তেমন কিছু হয়তো মিলবে না৷ তবে ফিলহাল টলিপাড়ায় শোনা যাচ্ছে, একটা বিশ্বরেকর্ড নাকি হয়েছে৷ কী সেটা? গানে নায়ক ও নায়িকার পোশাক বদলেই নাকি এবার রেকর্ড করতে চলেছে টলিউড৷
তা কে সেই নায়ক-নায়িকা? গানটিই বা কী! এতবার পোশাক বদলে যে গানে রাজি হয়েছেন নায়ক-নায়িকা, সে গানের নামও ‘আমি রাজি’৷ গানটি আছে শুভশ্রী-ওম অভিনীত ‘প্রেম কি বুঝিনি’ ছবিতে৷ সম্প্রতি মুক্তি পেয়েছে ছবির নতুন গান৷ এ গান গেয়েছেন অ্যাশ কিং ও মধুবন্তী৷ কোরিওগ্রাফি করেছেন জয়েশ প্রধান৷ আর এ গানেই বার চৌত্রিশ পোশাক বদলেছেন নায়ক ও নায়িকা৷ সুদীপ্ত সরকার পরিচালিত এ ছবিই নাকি এখন বিশ্ব রেকর্ডের মুখে৷ প্রযোজক সংস্থার দাবি, বিশ্বে সম্ভবত এই প্রথম কোনও গানে এতবার পোশাক বদলানো হয়েছে৷ এ দাবি যথার্থ কি না, তা নিয়ে অবশ্য সংশয় আছে৷ তবে যদি সত্যি হয়, তাহলে অন্তত বাংলা ছবি একটা রেকর্ড করতে চলেছে৷ তবে সিনেপ্রেমীদের অনেকের সংশয়, এক গানে এতবার পোশাক পরিবর্তনের পর সিনেমায় কন্টিনিউটি ব্যাপারটার হাল কী হবে তা নিয়ে৷ কেউ কেউ আবার এ প্রশ্ন উড়িয়ে দিয়ে কস্টিউম ডিজাইনারের হাল নিয়েও চিন্তিত৷ বেচারি! এক গানে তাঁকে যা খাটতে হয়েছে এত খাটনি বোধহয় ফ্যাশন শোয়ের আগে কোনও ডিজাইনারকেও খাটতে হয় না৷ তবে তাতে যদি একটা বিশ্বরেকর্ড হয়ে যায়, তবে মন্দ কী!
দেখে নিন সেই গানটি:
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন