সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভুল রাস্তায় আসছিল গাড়ি৷ নিয়মমাফিক থামিয়ে দেন কর্তব্যরত ট্রাফিক পুলিশ৷ দেখেন, গাড়ির ভিতরে বসে ভীষণ চেনা বলি-অভিনেত্রী৷ কিন্তু নিয়ম তো নিয়মই৷ অভিনেত্রীর বলে রেহাই নেই৷ আর তাই নয়ডাতে জরিমানা দিয়ে তবেই ছাড় পেতে হল অদিতি রাও হায়দারিকে৷
নয়ডার এক ফ্যাশন শোয়ে যোগ দিতে গিয়েছিলেন অভিনেত্রী৷ যাওয়ার পথেই শর্ট কাট নিতে গিয়ে ভুল রাস্তায় গাড়ি চালিয়ে দেন তাঁর ড্রাইভার৷ পিছনেই ছিল তাঁর টিমের গাড়ি৷ গাড়ি ভুল পথে দেখে থামান ট্রাফিক ইনস্পেক্টর ধর্মেন্দ্র যাদব৷ সেই সময় অভিনেত্রীর টিমের লোকেরা তাঁকে কোনও পদক্ষেপ না নিতে বারবার অনুরোধ করেন৷ এমনকী উদ্যোক্তাদের ফোন করে ব্যাপারটা মিটমাট করে নেওয়ারও প্রস্তাব দেওয়া হয়৷ ক্রমাগত চাপ দিতে থাকায় ক্ষিপ্ত হয়ে ওঠেন ওই অফিসার৷ শেষমেশ অদিতি নিজে গাড়ি থেকে নেমে জরিমানা দিয়ে ব্যাপারটা শেষ করেন এবং হেঁটেই মলের দিকে এগিয়ে যান৷
সেলেবরা অনেক সময়ই নিজেদের প্রভাব খাটানোর চেষ্টা করেন৷ তাঁদের দেখে পুলিশরাও অনেক সময় নিজেদের কর্তব্য থেকে সরে যান৷ কিন্তু এক্ষেত্রে তা থেকে সরেননি এই ট্রাফিক পুলিশ৷ ভুল গাড়ি চালানোর জন্য যে জরিমানা তাইই ধার্য করেন তিনি৷ অদিতি নিজেও এক্ষেত্রে প্রভাব খাটানোর চেষ্টা করেননি৷ পুলিশ ও অভিনেত্রী দুজনেরই এই প্রয়াস নিঃসন্দেহে প্রশংসনীয়৷
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন