সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মিমি চক্রবর্তীর (Mimi Chakraborty) সাধের সানগ্লাস। তা নিয়েই হয়ে গেল লঙ্কাকাণ্ড। আর এই কাণ্ড বাঁধাল কে? এক বাঁদর। চোখের পলকে মিমির সানগ্লাসটি ছিনিয়ে নেয় সে। আর তা ফেরত পেতে রীতিমতো ‘ঘুষ’ দিতে হয় অভিনেত্রীকে।

কী ঘটেছিল? মিমি নিজেই ভিডিও শেয়ার করে তা জানিয়েছেন। ভিডিওটি কোথাকার তা জানা যায়নি। তবে, সেখানে অভিনেত্রীর সঙ্গে ছিলেন তাঁর মা। প্রথমে বাঁদর মহাশয় মিমির মায়ের চশমাই নিয়ে গিয়েছিল এবং তা উদ্ধারের চেষ্টা চলছিল। সেই ঘটনা মিমি মজার ছলে নিজের মোবাইল ক্যামেরায় রেকর্ড করছিলেন। আর তখনই ঘটে আসল ঘটনা।
[আরও পড়ুন: ভোটের কারণে পিছোল জিতের ‘বুমেরাং’-এর রিলিজ, কবে মুক্তি পাবে ছবিটি? ]
মিমির মায়ের চশমা নিয়ে পাঁচিলের উপর উঠে গিয়েছিল বাঁদরটি। আচমকা সেখান থেকে নেমে আসে। আর চোখের পলক ফেলতে না ফেলতেই মিমির সাধের সানগ্লাসটি নিয়ে চলে যায়। অভিনেত্রীর চিৎকার করে বলতে থাকেন, তা খাবার জিনিস নয়। কিন্তু তখন আর কার কথা কে শোনে?
View this post on Instagram
বাঁদর বাবাজি মিমির সানগ্লাস নিয়ে সোজা চলে যায় সামনে দাঁড়িয়ে থাকা এক টোটোর নিচে। শেষমেশ মিমি তার কাছে নিয়ে যান একটি খাবারের প্যাকেট। অনেক অনুনয় বিনয় এবং ঘুষ হিসেবে খাবার দেওয়ার পর নিজের সাধের সানগ্লাসটি উদ্ধার করতে সক্ষম হন অভিনেত্রী। প্রিয় জিনিস ফেরত পেয়ে আনন্দে আত্মহারা হয়ে যান মিনি। গোটা ঘটনার ভিডিও শেয়ার করে ক্যাপশনে লেখেন, “আজ আমায় এক বাঁদরের সঙ্গে এই বিনিময় প্রথা অবলম্বন করতে হল।” এই বিনিময় প্রথায় যে অভিনেত্রী নিজের সাধের জিনিসটি ফেরত পেলেন তাতেই রক্ষে, এমনটাই মন নেটিজেনদের একাংশের।