সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রিয় অভিনেতাকে এক ঝলক দেখার জন্য কী-ই না করেন অনুরাগীরা। কখনও তাঁর স্পর্শ পাওয়ার জন্য হুড়োহুড়ি পড়ে যায়। আবার কখনও বা তারকাদের সঙ্গে একফ্রেমে নিজস্বী নিতে মরিয়া ভক্তরা উন্মত্ত হয়ে ওঠেন। কেউ কেউ তো আবার মাইলের পর মাইল হেঁটে কিংবা সাইকেল চালিয়ে প্রিয় তারকার বাড়ির সামনে হত্যে দেন! তবে এবার সলমন খানের তিন অনুরাগীর কাণ্ড থানা-পুলিশ পর্যন্ত গড়াল।
ঠিক কী ঘটেছে? বলিউড মাধ্যম সূত্রে খবর, দিল্লি থেকে তিন কিশোর মুম্বইয়ের উদ্দেশে রওনা হয়েছিল সলমন খানের সঙ্গে দেখা করবে বলে। তবে বাড়ি থেকে বেরনোর পর পরই ‘লাপাতা’ ওই স্কুল পড়ুয়ারা। তাদের কারও বয়স ৯, কারও ১১ আবার কারও বা ১৩। জানা যায়, সোশাল মিডিয়ায় ওয়াহিদ নামে জনৈক ব্যক্তির সঙ্গে তাদের পরিচয় হয়। সেই ব্যক্তিই সলমনের ওই ‘জবরা ফ্যান’দের প্রতিশ্রুতি দেন যে, তিনি দেখা করিয়ে দেবেন। সেকথা বিশ্বাস করেই ২৫ জুলাই বাড়ি থেকে পালায় তিন কিশোর। প্রথমটায় তারা ভেবেছিল জালনা পর্যন্ত পৌঁছলে হয়তো অভিনেতার সঙ্গে দেখা হবে। কিন্তু তার পর থেকে আর তাদের খোঁজ পায়নি বাড়ির লোকজন। এরপরই পুলিশের সঙ্গে যোগাযোগ করেন তাঁরা।
পুলিশ সূত্রে খবর, ওই তিন পড়ুয়ার একজনের বাড়ি থেকে হাতে লেখা চিঠি উদ্ধার হয়। সেখানেই উল্লেখ ছিল যে, ‘আমরা জালনায় দেখা করব।’ এরপরই নিখোঁজ নাবালকদের উদ্ধার করতে তদন্তে নামে পুলিশ। সিসিটিভি ফুটেজ দেখে জানতে পারা যায় যে, আজমেরী গেট স্টেশন হয়ে সচখন্দ এক্সপ্রেস ধরে মহারাষ্ট্রের উদ্দেশে রওনা হয়েছে তারা। এদিকে পুলিশি তদন্তের কথা জানতে পেরে ওয়াহিদ ওই নাবালকদের সঙ্গে যোগাযোগ করা বন্ধ করে দেয়। ফলে জানলা স্টেশনে পৌঁছন আগেই নাসিক স্টেশনে নেমে পড়ে ওই অনুরাগীরা। শেষমেশ ওয়াহিদের মোবাইল নেটওয়ার্কের সূত্র ধরেই ওই নাবালকদের নাসিক স্টেশন থেকে উদ্ধার করে পুলিশ। সকলেই অক্ষত অবস্থায় রয়েছেন।