সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উৎসবমুখর বিনোদুনিয়ায় ফের আছড়ে পড়ল দুঃসংবাদ! প্রয়াত জনপ্রিয় অভিনেতা আসরানি। মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তাঁর ভাইপো অশোক আসরানি। বলিউড মাধ্যম সূত্রে খবর, সোমবার বিকেল চারটে নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আসরানি। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৪।
জানা গিয়েছে, জুহুর ভারতীয় আরোগ্য নিধি হাসপাতালে দিন কয়েক ধরেই ভর্তি ছিলেন আসরানি। তাঁর আপ্ত সহায়ক বাবুভাই জানিয়েছেন, “চিকিৎসকরা বলেছিল, ফুসফুসে জল জমেছে। কিন্তু শেষ রক্ষা হল না। আমাদের ছেড়ে চলে গেলেন আসরানি সাহেব। সন্ধেবেলায় শেষকৃত্য সম্পন্ন হয়েছে।”
পাঁচ দশকেরও বেশি সময় ধরে সিনেদুনিয়ায় রাজত্ব করা গোবর্ধন আসরানি তাঁর কেরিয়ারে সাড়ে তিনশোটিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন। রাজস্থানের জয়পুরের ছেলে তিনি। সেখানকার সেন্ট জেভিয়ার্স স্কুলে পড়াশোনা। পরবর্তীতে মুম্বইয়ে পা রাখেন অভিনয়ের টানে। যে বহুমুখী প্রতিভার কদর করতেন বলিউডের পরিচালক-প্রযোজকরাও। মূল চরিত্রে অভিনয়ে প্রশংসা কুড়নোর পাশাপাশি পার্শ্বচরিত্রেও বাজিমাত করেছিলেন আসরানি। বিশেষ করে তাঁর ‘কমিক টাইমিং’ অভিনয় শিক্ষার্থীদের জন্য ব্যকরণ-সম। কৌতুক অভিনেতা হিসেবে একাধিক ‘সিনেমার মেরুদণ্ড’ হয়ে উঠেছিলেন তিনি।
সত্তরের দশকের বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা হয়ে ওঠেন তিনি। ‘মেরে আপনে’, ‘কোশিস’, ‘বাওয়ারচি’, ‘পরিচয়’, ‘অভিমান’, ‘চুপকে চুপকে’ ‘ছোটি সি বাত’, ‘রাফু চক্কর’-এর মতো আইকনিক সিনেমায় অভিনয় করে দর্শকের মন জয় করেন আসরানি। হালফিলের একাধিক বলিউড ছবিতে কৌতুক অভিনেতা হিসেবে মন জয় করেছেন প্রবীণ অভিনেতা। দীর্ঘ রোগভোগের পর সোমবার বিকেলে চিরতরে ইহজগৎ থেকে বিদায় নিলেন গোবর্ধন আসরানি।