সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বন্ধুতা আর ভালবাসার মধ্যে দূরত্ব ঠিক কতখানি? সম্পর্কের আবর্তে এ প্রশ্নের উত্তর পাওয়া কঠিন। তবু তুলনামূলক একটা সহজ উত্তরে হয়তো পৌঁছানো যায়। যা বলে, আসলে একটাই সম্পর্ক। তফাত হয়ে যায় দৃষ্টিকোণের ফারাকে। কৌশিক গঙ্গোপাধ্যায়ের নতুন ছবি দৃষ্টিকোণ-এর ট্রেলারে যেন রাখা থাকল সে ইশারাই।
[ চলতি বছরই বাজবে বিয়ের সানাই! গাঁটছড়া বাঁধছেন রণবীর-দীপিকা? ]
স্মৃতিহারা উত্তমের মনে ‘হারানো সুর’ তখন একটু একটু করে ফিরিয়ে আনছেন লেডি ডাক্তার রমা তথা সুচিত্রা সেন। একদিন বাড়ি ফাঁকা। সেই পিয়ানোর সুর, সেই ধূপের ধোঁয়া, রজনীগন্ধার গন্ধে যখন উত্তম বিচলিত, তখন সুচিত্রার মুখের উপর ঝুঁকে গাঢ় সন্দিগ্ধ স্বরে ছুড়ে দিলেন প্রশ্নটি-কে আপনি? দ্বিধা ছলছল সুচিত্রা, তখনই বলে দিতে পারতেন নিজের পরিচয়। কিন্তু ভালবাসা পাওয়ার জিনিস, ছিনিয়ে নেওয়ার নয়। যন্ত্রণা গোপন করে রমার উত্তর, মালার গভর্নেস। সেই দৃশ্য মনে পড়ে যায় এ ট্রেলার দেখতেও দেখতেও। প্রেক্ষিতটা একটু আলাদা। এখানে প্রশ্ন করছেন প্রসেনজিৎ, করছেন তাঁর সম্পর্কের কাছেই, আমি কে? উলটোদিকে ঋতুপর্ণা কান্না নিয়েই উত্তর দিচ্ছেন, আমার অ্যাডভোকেট। ছবির কাহিনিতে আর কী তোলা আছে তা বোঝার উপায় নেই। তবু, এই উত্তর বুঝিয়ে দেয় এই পুরুষ অ্যাডভোকেটের অধিক। এই নারীর সঙ্গেও শুধু তাঁর আইনের সম্পর্ক নেই। অথচ সমাজ-সম্পর্কের সমীকরণগুলো অন্যরকম। সেখানে হয়তো কেউ কারও স্বামী বা স্ত্রী। অথচ এই বাঁধনের বাইরেও তো কিছু থেকে যেতে পারে। এই হয়তো সেই দৃষ্টিকোণের ফারাক। যে ইঙ্গিত পরিচালক কৌশিক তাঁর ছবির ট্রেলারে দিয়ে রেখেছেন।
[ নারী চরিত্রের এ ‘ধারাস্নান’ আন্তরিক ও সৎ প্রচেষ্টা ]
এ ছবির ঘোষণা হওয়া থেকেই দর্শকদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। প্রাক্তন-এর পর আবারও জুটি বাঁধতে চলেছেন প্রসেনজিৎ-ঋতুপর্ণা। স্বাভাবিকভাবেই বাঙালি সিনেপ্রেমীরা উচ্ছ্বসিত। তারপর কৌশিক গঙ্গোপাধ্যায়ের ছবি মানেই অন্য এক স্বাদের সন্ধান। সব মিলিয়ে ট্রেলারেই যা ইঙ্গিত মিলছে, তাতে বিসর্জনের পর আবারও একটা হৃদয়ে দোলা দেওয়া ছবির জন্যই পিপাসা জাগছে। ছবির ট্রেলার লঞ্চের পাশাপাশি মিউজিক লঞ্চও হয়েছে। ছবিতে সংগীত পরিচালনা করেছেন অনুপম রায়।