সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০১৭ সালটা ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রির পক্ষে নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। বিশেষ করে দক্ষিণী ছবির ক্ষেত্রে। শুধু ‘বাহুবলী’র দ্বিতীয় পর্বই নয়, ওই একই সালে মুক্তি পাবে রজনীকান্তের ‘রোবট’ ছবির দ্বিতীয় পর্বও। যার নাম রাখা হয়েছে ‘২.০’। মানে, টক্কর জোরদার! কেন না, এক দিকে যেমন সারা ভারত মুখিয়ে রয়েছে ‘বাহুবলী ২’-এর জন্য, তেমনই রয়েছে ‘রোবট’-এর সিক্যুয়েল নিয়েও টানটান উত্তেজনা। বিশেষ করে এই ছবির সঙ্গে জুড়ে রয়েছে বলিউড। ছবিতে অভিনয় করেছেন অক্ষয় কুমার।

সেই ২০১৭ সাল চলে আসতে এখন আর খুব বেশি দেরি নেই। ফলে, আগে থেকেই প্রতিদ্বন্দ্বিতার ডঙ্কাটি বাজিয়ে দিলেন তালাইভা। এমন জোরদার ভাবে ছবির ফার্স্ট লুক লঞ্চ অনুষ্ঠানটির আয়োজন তিনি করেছেন, যা দেখে সবার চোখে ধাঁধা লেগে যাবে। শুধু এই ফার্স্ট লুক লঞ্চের জন্যই খরচ করা হচ্ছে ৬ কোটি টাকা। যে টাকায় কি না একটা পুরো ছায়াছবি তৈরি হয়ে যায়!
What awaits, no one knows!! Sit tight…just 4 days to go. Experience the #2Point0FirstLook on 20th Nov. at 5 pm 👊🏻Are you ready? pic.twitter.com/pUCa2ukaZe
— Akshay Kumar (@akshaykumar) 16 November 2016
অবশ্য, রজনীকান্তের এই ফার্স্ট লুক লঞ্চের আগে ছবি নিয়ে একটা তুমুল উত্তেজনা তৈরি করে দিয়েছেন অক্ষয় কুমার। তিনি সদ্য তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে পোস্ট করেছেন ছবির প্রথম পোস্টার। সেই পোস্টারে দেখা যাচ্ছে এক তারাভরা রাতের আকাশ। সেই আকাশের নিচে দুহাত তুলে দাঁড়িয়ে রয়েছে এক স্পর্ধিত পুরুষ। কে সে? রজনীকান্ত না অক্ষয়? সেই কথাটা ফাঁস করেননি অক্ষয়। শুধু লিখেছেন, “কী আসতে চলেছে, তা কেউ জানে না! তাই আর মাত্র ৪ দিন অপেক্ষা করুন! ২০ নভেম্বর ২ পয়েন্টের ফার্স্ট লুক লঞ্চ হবে!”
সেই ফার্স্ট লুক লঞ্চ যার বাজেট ৬ কোটি টাকা! সেটা এমন কিছু অস্বাভাবিক ব্যাপার যদিও নয়। কেন না, পরিচালক শঙ্করের সব ছবির বাজেটই হয় আকাশছোঁওয়া। এবারে ছবির বাজেট ৬৫০ কোটি টাকা। সেই তুলনায় ফার্স্ট লুক লঞ্চে ৬ কোটি টাকা খরচ আর এমন কী আহামরি ব্যাপার!
জানা গিয়েছে, মুম্বইয়ে যশ রাজ স্টুডিওয় এই ফার্স্ট লুক লঞ্চের অনুষ্ঠান হবে। অনুষ্ঠানে করণ জোহর-সহ উপস্থিত থাকবেন বলিউডের প্রথিতযশারা। সেখানে থ্রি-ডি প্রযুক্তিতে ছবির দুই মুখ্য চরিত্রর সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হবে দর্শকদের!
দেখা যাক, টিম-বাহুবলী এই ধাক্কা কী ভাবে সামলায়!