সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আহমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনার দগদগে ক্ষত এখনও টাটকা। তবে হুঁশ নেই এয়ার ইন্ডিয়ার। দেশের সবচেয়ে বড় বিমান সংস্থার অডিটে ধরা পড়ল যাত্রীসুরক্ষায় ৫১টি ত্রুটি। যার মধ্যে লেভেল-১ বা গুরুতর ৭টি ত্রুটি চিহ্নিত করা হয়েছে। এই সমস্ত ত্রুটি সংশোধন করতে এয়ার ইন্ডিয়াকে চূড়ান্ত সময়সীমা দিয়ে দিয়েছে দেশের বিমান নিয়ন্ত্রণ সংস্থা ডিজিসিএ।
ডিজিসিএ-এর তরফে জানা গিয়েছে, ১ থেকে ৪ জুলাই পর্যন্ত অডিট চলেছিল এয়ার ইন্ডিয়ার বিমানগুলিতে। ডিজিসিএ-র ১০ জন ইন্সপেক্টর এবং চারজন অতিরিক্ত অডিটর এই অডিট পরিচালনা করেছিলেন। সেই অডিটেই ধরা পড়ে এই সমস্ত ত্রুটি। পরিস্থিতইকে গুরুত্ব দিয়ে এয়ার ইন্ডিয়াকে যাত্রীসুরক্ষায় গুরুতর ৭টি ত্রুটি সংশোধন করতে ৩০ জুলাই পর্যন্ত সময়সীমা দেওয়া হয়েছে। পাশাপাশি বাকি ৪৪টি ত্রুটি সংশোধনের জন্য সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে আগামী ২৩ আগস্ট। এয়ার ইন্ডিয়া যে সমস্ত সুরক্ষাবিধি মেনে চলছে এর যাবতীয় প্রমাণ ডিজিসিএ-র কাছে পেশ করতে হবে এই সময়ের মধ্যে।
উল্লেখ্য, গত ১২ জুন আহমেদাবাদ থেকে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার আকাশে ওড়ার কয়েক সেকেন্ড পরই দুর্ঘটনার কবলে পড়ে। ভয়াবহ এই দুর্ঘটনায় সবমিলিয়ে ২৫০ জনের বেশি মানুষের মৃত্যু হয়। এই ঘটনার পরই এয়ার ইন্ডিয়া ও ড্রিমলাইনার বিমান নিয়ে একাধিক প্রশ্ন ওঠে। যান্ত্রিক ত্রুটির পাশাপাশি বিমান রক্ষণাবেক্ষণও প্রশ্নের আওতায় চলে আসে। যদিও দাবি করা হয়েছে, বিমানে কোনও যান্ত্রিক ত্রুটি ছিল না। তবে এয়ার ইন্ডিয়া নিয়ে বিতর্ক কাটেনি।
এর আগে নিয়ম লঙ্ঘনের অভিযোগে গত ২৩ জুলাই ডিজিসিএ তিনটি আলাদা আলাদা নোটিস পাঠিয়ে জবাবদিহি করা হয়েছে। যদিও কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে এই ঘটনার সঙ্গে ১২ জুন বিমান দুর্ঘটনার কোনও যোগ নেই। এটি সাধারণ বার্ষিক অডিট।