সোমনাথ রায়, নয়াদিল্লি: অতিরিক্ত মামলার চাপ! কলকাতা হাই কোর্টের দুই অতিরিক্ত বিচারপতিকে স্থায়ী বিচারপতিকে হিসাবে উন্নীত করল কলেজিয়াম। একটি নির্দেশিকা জারি করে কলেজিয়ামের তরফে জানানো হয়েছে, বিচারপতি পার্থসারথি সেন এবং অপূর্ব সিনহা রায়কে স্থায়ী বিচারপতি হিসাবে উন্নীত করা হল। পাশাপাশি আরও সাত অতিরিক্ত বিচারপতির মেয়াদ এক বছরের জন্য বাড়ানোর কথা বলা হয়েছে ওই নির্দেশিকায়।
নির্দেশিকা অনুযায়ী, বিচারপতি বিশ্বরূপ চৌধুরী, বিচারপতি প্রসেনজিৎ বিশ্বাস, বিচারপতি উদয় কুমার, বিচারপতি অজয় কুমার গুপ্ত, বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্য, বিচারপতি পার্থ সারথি চট্টোপাধ্যায় এবং বিচারপতি মহম্মদ শব্বর রশিদীর মেয়াদ এক বছরের জন্য বাড়ানো হয়েছে।
যে সকল বিচারপতির মেয়াদবৃদ্ধির কথা জানানো হয়েছে তাঁরা সকলেই কলকাতা হাই কোর্টে অতিরিক্ত বিচারপতি হিসাবে নিযুক্ত ছিলেন। সম্প্রতি তাঁদের মেয়াদ শেষ হয়। এরই মধ্যে সুপ্রিম কোর্টের কলেজিয়াম এই সাত জন বিচারপতির মেয়াদ আরও একবছরের জন্য বাড়ানোর কথা জানালো। এদিকে বিচারপতি পার্থসারথি সেন এবং অপূর্ব সিনহা রায় কলকাতা হাই কোর্টেই অতিরিক্ত বিচারপতি হিসাবে নিযুক্ত ছিলেন। এই দুই বিচারপতিকেই এবার স্থায়ী বিচারপতি হিসাবে নিযুক্ত করার কথা জানালো কলেজিয়াম।
যে বিচারপতিদের নামের তালিকা কলেজিয়াম প্রকাশ করেছে। এঁরা সকলেই নিম্ন আদালতে সার্ভিস জাজ হিসাবে নিযুক্ত ছিলেন। নিম্ন আদালত থেকেই কলকাতা হাই কোর্টের অতিরিক্ত বিচারপতি হিসাবে নিযুক্ত হন। তাঁদের মধ্যেই দু’জন বিচারপতিকে স্থায়ী বিচারপতি হিসাবে উন্নিত করার পাশাপাশি সাতজন অতিরুক্ত বিচারপতির মেয়াদ আরও এক বছর বৃদ্ধি করা হল।