স্টাফ রিপোর্টার: নারদ কাণ্ডে নয়া মোড়৷ মঙ্গলবার সিবিআইয়ের কাছে কলকাতা হাই কোর্ট জানতে চায়, এই গুরুত্বপূর্ণ মামলায় ম্যাথু স্যামুয়েলের বয়ান কেন রেকর্ড করা হয়নি? জনপ্রতিনিধিরা ম্যাথুর কাছে টাকা চেয়েছিলেন, না কি তিনি নিজে থেকে তাঁদের টাকা অফার করেছিলেন সেই তথ্যও জানতে চেয়েছে আদালত৷ ২০ জুন রিপোর্ট পেশ করার নির্দেশ দিয়েছেন কলকাতা হাই কোর্টের বিচারপতি জয়মাল্য বাগচি৷
বিচারপতি এদিন মন্তব্য করেছেন, যদি ম্যাথু নিজে থেকে জনপ্রতিনিধিদের টাকা অফার করে থাকেন সেক্ষেত্রে চলতি মামলার গতি পরিবর্তন হয়ে যাবে৷ মন্ত্রী ও সাংসদদের বিরুদ্ধে দায়ের করা এফআইআরের ভিত্তিতে যে মামলা শুরু হয়েছে তার ভরকেন্দ্রও সরে যেতে পারে৷ অন্যদিকে, আবার যদি রাজনীতিকরা নিজে থেকে টাকা দাবি করেন, তবে মামলার গুরুত্ব আরও বেড়ে যাবে৷ হাই কোর্টের আইনজীবীমহলের বক্তব্য, অধিকাংশ ভিডিও ফুটেজে দেখা গিয়েছে ম্যাথু নিজে থেকেই রাজনীতিকদের টাকা অফার করছেন৷ ‘সম্পর্ক’ তৈরির সৌজন্য হিসাবে নির্বাচনের মুখে এমন ‘ডোনেশন’ দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন ম্যাথু৷ তাই বিচারপতির এদিনের প্রশ্ন এবং মন্তব্য চলতি নারদ মামলায় অত্যন্ত তাৎপর্যপূর্ণ৷
[জালনোট মামলায় চার্জশিট পেশ করল NIA]
নারদ কাণ্ডের মূল মামলাটি অবশ্য আলাদা৷ এদিন পৃথক মামলা নিয়ে শুনানি হয়৷ আরামবাগের সাংসদ অপরূপা পোদ্দারের দায়ের করা মামলার শুনানিতে বিচারপতি জয়মাল্য বাগচী এদিন সিবিআইয়ের আইনজীবীর কাছে একাধিক তথ্য জানতে চান৷ কিন্ত্ত অধিকাংশ প্রশ্নের কোনও যুক্তিগ্রাহ্য উত্তর দিতে পারেননি সিবিআইয়ের আইনজীবী৷ কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকে দু’সপ্তাহ সময় দিয়েছেন বিচারপতি৷
ম্যাথুর প্রকাশিত নারদ কাণ্ডের ভিডিওতে কয়েকজন জনপ্রতিনিধিকে টাকা নিতে দেখা গিয়েছে৷ সেই জনপ্রতিনিধিদের মধ্যে অপরূপাও ছিলেন বলে দাবি করেছেন ম্যাথু স্যামুয়েল৷ আর সেই তথ্যের ভিত্তিতে অপরূপার বিরুদ্ধে জনপ্রতিনিধিদের বিরুদ্ধে দুর্নীতি ধারায় এফআইআর করেছে সিবিআই৷ আর এখানেই আপত্তি করেছেন আরামবাগের সাংসদ৷ বলেছেন, সেই সময় তিনি জনপ্রতিনিধি ছিলেন না৷ সিবিআইয়ের প্রয়োগ করা দুর্নীতি দমন ধারা তাঁর ক্ষেত্রে প্রযোজ্য নয় দাবি করে হাই কোর্টে মামলা করেন অপরূপা৷ বিচারপতি জয়মাল্য বাগচীর এজলাসে এদিন সেই মামলার শুনানি হয়৷ নারদ মামলার অগ্রগতি জানতে চান বিচারপতি৷ বেশ কিছু প্রশ্নের মুখে পড়ে সিবিআই৷ আদালত জানতে চায়, ভিডিও ফুটেজের সত্যতা কি ম্যাথু জানিয়েছেন? কেন তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়নি? আইনজীবীদের মতে, ম্যাথু নিজে থেকে টাকা দিলে এই মামলা লঘু হয়ে যেতে পারে৷
[বীরভূমে বিস্ফোরক বোঝাই ট্রাক আটক, সন্দেহে মাওবাদী যোগ]
নারদ কাণ্ডের মূল মামলা না হলেও অপরূপার দায়ের করা মামলার শুনানিতে প্রধান বিষয়টি উঠে এসেছে৷ বিচারপতি জানতে চেয়েছেন, মূল মামলায় ম্যাথুর বয়ান রেকর্ড করা হয়েছে কি না৷ আদালতে সিবিআইয়ের আইনজীবী জানিয়েছেন, এখনও রেকর্ড করা সম্ভব হয়নি৷ সিবিআই সূত্রে জানা গিয়েছে, দিল্লিতে ম্যাথুর সঙ্গে সিবিআইয়ের গোয়েন্দারা কথা বলেছেন ঠিকই৷ কিন্তু, কোনও বয়ান রেকর্ড করা হয়নি৷ সিবিআই অবশ্য বয়ান রেকর্ড করার জন্য ম্যাথুকে নোটিস পাঠিয়েছিল৷ তখন ম্যাথু পাল্টা চিঠি পাঠিয়ে জানিয়ে দেন, একটি অস্ত্রোপচার হওয়ায় কোচিতে আপাতত বিশ্রাম নিচ্ছেন৷ তাই প্রয়োজন হলে সিবিআই গোয়েন্দারা কোচি পৌঁছতে পারেন৷ যদিও এদিন পর্যন্ত কোচি গিয়ে সেই বয়ান রেকর্ড করা সম্ভব হয়নি বলে হাই কোর্টে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আইনজীবী জানিয়েছেন৷
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন