সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ডেঙ্গু ইস্যুতে ফের রাজ্যকে তোপ বিজেপির। এবার তোপ দাগলেন বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয়। সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মবার্ষিকীতে দেশ জুড়ে ‘রান ফর ইউনিটি’-আয়োজনে কলকাতায় এসে ডেঙ্গু ইস্যুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করে বলেন, ‘রাজ্যে যেভাবে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা ঘটছে, একজন মুখ্যমন্ত্রীর কাছে এটা লজ্জাজনক বিষয়। মুখ্যমন্ত্রীকে এর জবাব দিতে হবে।’ প্রসঙ্গত, সম্প্রতি রাজ্যে ডেঙ্গু মৃত্যুর প্রতিবাদে মিছিল করে বিজেপির মহিলা মোর্চা। রাজ্য মহিলা মোর্চার সভানেত্রী লকেট চট্টোপাধ্যায়ের নেতৃত্বে সেই মিছিল। এছাড়াও বিজেপির স্বাস্থ্যভবন অভিযান ঘিরে পুলিশের সঙ্গে ধুন্ধুমার কাণ্ড হয়। ডেঙ্গু ইস্যুতে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তোপ দাগেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়ও। এবার কৈলাস বিজয়বর্গীয়র নিশানায় মমতা বন্দ্যোপাধ্যায়।
[ডেঙ্গুর জন্য দায়ী আবহাওয়া, অযথা আতঙ্ক না ছড়ানোর আবেদন মুখ্যমন্ত্রীর]
এদিন কৈলাস আরও বলেন, মুখ্যমন্ত্রী যে ডেঙ্গু প্রতিরোধে ব্যর্থ সেটা তাঁকে স্বীকার করতে হবে। উল্লেখ্য, সোমবারই নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, মশা কেউ আমদানি করে না। তাই মশা মারার ব্যাপারে সকলকেই সতর্ক হতে হবে। পুরসভা ও পঞ্চায়েতের পাশাপাশি সাধারণ মানুষকে আরও সচেতন হতে হবে। ডেঙ্গু মহামারীর আকার ধারণ করেছে বলে যে খবর প্রচারিত হযেছে, এদিন তার তীব্র বিরোধিতা করেন মুখ্যমন্ত্রী। জানান, “এর জন্য অনেকটা দায়ী আবহাওয়া। নভেম্বরেও বৃষ্টি হচ্ছে। ফলে এই সময় জ্বরের প্রকোপ বাড়ে। কিন্তু প্যাথলজিক্যাল ল্যাবগুলি অনেক সময়ই ভুল তথ্য দিচ্ছে। তাতে বিভ্রান্ত হওয়ার প্রয়োজন নেই।” সরকারি তথ্য অনুযায়ী, সরকারি হাসপাতালে ডেঙ্গুতে ১৩ জনের মৃত্যু হয়েছে এখনও পর্যন্ত। প্রাইভেট হাসপাতালে বাকিদের মৃত্যু। কিন্তু সে বিষয়ে কিছু বলতে নারাজ মুখ্যমন্ত্রী। আর এতেই মুখ্যমন্ত্রীকে বিঁধেছেন কৈলাস।
[ডেঙ্গু ইস্যুতে মুখ্যমন্ত্রী রাজ্যবাসীর কাছে ক্ষমা চান, টুইটারে সরব বাবুল]
মঙ্গলবার ‘রান ফর ইউনিটি’-র জন্য সিমলা স্ট্রিটে বিবেকানন্দের বাড়ি থেকে চাঁদনি চক পর্যন্ত র্যালি হয়। সেখানে ছিলেন বিজেপির রাজ্য পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়-সহ অন্য বিজেপি নেতারা। সিমলা স্ট্রিটে স্বামী বিবেকানন্দের বাড়িতে স্বামীজির মূর্তিতে মাল্যদান করেন তিনি। এরপর শুরু হয় র্যালি। র্যালিতে হাঁটেন বিজেপির কেন্দ্রীয় সম্পাদক সুরেশ পূজারি, রাহুল সিনহা, সাধারণ সম্পাদক প্রতাপ বন্দ্যোপাধ্যায়-সহ দলের কর্মী-সমর্থকরা। র্যালি শেষে চাঁদনি চকে সর্দার বল্লভভাই প্যাটেলের বাড়িতে তাঁর মূর্তিতে মাল্যদান করেন কৈলাস বিজয়বর্গীয়।
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন