সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজ্যের আকাশে ফের গভীর নিম্নচাপের ভ্রুকুটি। আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রাজ্যে। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তর জানিয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তরভাগে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। যার জেরে বঙ্গোপসাগরের উপর শনিবারই নিম্নচাপ তৈরির সম্ভাবনা। কলকাতাতেও বৃষ্টির পূর্বাভাস। হাওয়া অফিস জানিয়েছে, মেদিনীপুরের উপর বিস্তৃত হয়েছে মৌসুমি অক্ষরেখা। তার জেরে বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও।
[ফের পোকার বিষে ধুম জ্বর শিশুদের, শহরে উদ্বেগ বাড়াচ্ছে ‘স্ক্রাব টাইফাস’]
বস্তুত, গত দু’দিন দক্ষিণবঙ্গে সেভাবে বৃষ্টি লক্ষ্য করা যায়নি। কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হয়েছে। কিন্তু গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তরভাগে ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছে। যার ফলে বঙ্গোপসাগরের উপর এদিন নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা। ফলে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের আট জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তার আরও একটা কারণ, মেদিনীপুরের উপর বিস্তৃত হয়েছে মৌসুমি অক্ষরেখা। ফলে মুর্শিদাবাদ, নদিয়া, দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, দুই মেদিনীপুরে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। মৌসুমি অক্ষরেখার কারণে ঝাড়খণ্ড ও ওড়িশাতেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টি হলেও উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে বলে জানা গিয়েছে।
[বকেয়া টাকা নিতে বাড়িতে, চিমনি সংস্থার কর্মীকে বিষাক্ত পানীয় দিল বধূ]