‘চোখে জল আসে’, একডালিয়ায় সুব্রত-স্মরণ মমতার! তৃতীয়ায় একাধিক পুজোর উদ্বোধন
দক্ষিণ কলকাতার একাধিক নামী পুজোমণ্ডপ খুলে গেল মুখ্যমন্ত্রীর হাত ধরে।
পুজো আসছে নয়, পুজো এসে গিয়েছে। দেবীপক্ষের আজ তৃতীয়া। দিকে দিকে উমা আগমনের প্রস্তুতি সারা। শুধু বোধনের অপেক্ষা। যদিও এখন দুর্গাপুজোর মরশুম বেশ দীর্ঘ। কলকাতার নামী পুজোমণ্ডপগুলিতে তো এখন থেকেই ভিড়। আগেভাগে দেবীদর্শনে পুজোর ভরপুর মেজাজ টের পাওয়া যায়। বুধবার শহরের বেশ কয়েকটি নামী পুজোর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিমার সামনে প্রদীপ জ্বালিয়ে, মন্ত্রোচ্চারণ করে উৎসবের শুভেচ্ছাবার্তার পাশাপাশি তিনি বললেন শান্তি ও সম্প্রীতির কথা।...
বালিগঞ্জের দুই বিখ্যাত পুজো একডালিয়া এভারগ্রিন ও সিংহী পার্ক একেবারে মুখোমুখি। দুয়েরই বিশেষ আকর্ষণ সাবেকিয়ানা। বুধবার দুপুরে সেখানে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছিলেন বিধায়ক দেবাশিস কুমার-সহ পুজো উদ্যোক্তারা। একডালিয়া এভারগ্রিনের পুজো প্রয়াত মন্ত্রী তথা তৃণমূলের দীর্ঘদিনের সৈনিক সুব্রত মুখোপাধ্যায়ের পুজো বলেই পরিচিত। এদিন সেই পুজোর সূচনায় প্রিয় 'সুব্রতদা'কে স্মরণ করে আবেগে ভাসলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নিজস্ব ছবি।
আরও পড়ুন:
সুব্রত মুখোপাধ্যায়ের স্ত্রী ছন্দবাণী দেবীকে পাশে নিয়ে মমতা বললেন, ''সুব্রতদার কথা খুব মনে পড়ে আমার। তাঁর একটা ছবি আছে আমার কাছে। সেটা দেখলেই আমার চোখে জল আসে। সুব্রতদা অকালপ্রয়াত। এটা হওয়ার কথা ছিল না।'' সুব্রত মুখোপাধ্যায় বরাবর চাইতেন তাঁর পুজোর উদ্বোধন করুন মমতা। সেকথা মনে করে বললেন, ''সুব্রতদা পুজোর সাতদিন আগে থেকে আমাকে বলতেন, কবে ডেট দিবি? আমি বলতাম, অনেক পুজো আছে, ঠিক চলে যাব।''