সংসদে মমতার ‘টিম ইলেভেন’, চিনে নিন তৃণমূলের প্রমীলা বাহিনীকে
গ্ল্যামার জগত থেকে চিকিৎসক, সমাজকর্মী – সংসদ কাঁপাতে চললেন নবীন-প্রবীণ ১১ মহিলা, হিসেবমতো যা ৩৮ শতাংশ।
চব্বিশের লোকসভা ভোটে তৃণমূলের জয়জয়কার বঙ্গে। মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে ২৯ জয়ী প্রার্থী। তার মধ্যে ১১ জন মহিলা। এবার সংসদ কাঁপাবে মমতার 'টিম ইলেভেন'। তার মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য কৃষ্ণনগরের মহুয়া মৈত্র। গত বছর সংসদ থেকে বহিষ্কৃত হওয়ার পর ফের জনরায় নিয়ে নতুন উদ্যমে সংসদের পথে পা বাড়াচ্ছেন সুন্দরী, মেধাবী সাংসদ।
মমতার 'টিম ইলেভেনে' র আরেক সৈনিক তৃণমূলের যুব সভানেত্রী সায়নী ঘোষ। বামঘেঁষা রাজনৈতিক সমর্থন আর গ্ল্যামার জগৎ থেকে একেবারে ঘাসফুল শিবিরে যোগ দিয়ে সংগঠনের দায়িত্বে আসা সায়নীর সংসদের পথে পা বাড়ানোর এই জার্নি কিন্তু বেশ চমকপ্রদ। চব্বিশের নির্বাচনে যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে জিতে প্রথমবার দিল্লি যাচ্ছেন তিনি। উল্লেখ্য, যাদবপুর কেন্দ্র থেকেই হেভিওয়েট সিপিএম প্রার্থীকে হারিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ও দিল্লির পথে পা বাড়িয়েছিলেন।
আরও পড়ুন:
তৃণমূলের প্রমীলা বাহিনীর নতুন সংসদ সদস্য আরেক নায়িকা রচনা বন্দ্যোপাধ্যায়। ছোটপর্দার 'দিদি নং ১' এবার জনতারও 'দিদি'। মমতা বন্দ্যোপাধ্য়ায়ের অনুপ্রেরণায় রাজনৈতিক কেরিয়ারে হাতেখড়িতেই তিনি দিল্লির লড়াইয়ে নেমেছেন। হুগলির কেন্দ্র থেকে আরেক তারকা প্রার্থীকে হারিয়ে চমকপ্রদ জয়! এবার রিল এবং রিয়েল-দুই ক্ষেত্রেই 'দিদিগিরি' দেখাবেন রচনা বন্দ্যোপাধ্যায়।
শতাব্দী রায় তৃণমূলের বহুদিনের সৈনিক। এবারও বীরভূম কেন্দ্র থেকে জিতে চতুর্থবার সাংসদ হচ্ছেন টলি নায়িকা। রাজনীতিতে বেশ পোক্ত শতাব্দী কাজের বাইরে আদ্যন্ত সৃষ্টিশীল মানুষ। কবিতা লেখা, সিনেমা পরিচালনার মতো একাধিক কাজে নিজেকে ব্যস্ত রাখেন সর্বদা। আগামী ৫ বছর ফের সংসদে বীরভূমবাসীর হয়ে প্রতিনিধিত্ব করবেন শতাব্দী।