সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১২ বছর পর দিল্লির হয়ে রনজি ট্রফি খেলতে নামছেন বিরাট কোহলি। ৩০ জানুয়ারি থেকে অরুণ জেটলি স্টেডিয়ামে রেলওয়েজের বিরুদ্ধে নামতে চলেছেন কোহলি। সেখানে কি তিনিই নেতৃত্ব দেবেন? সূত্রের খবর, তাঁর কাছে সেই প্রস্তাবও এসেছিল। কিন্তু তাতে তিনি রাজি হননি।
বর্ডার গাভাসকর ট্রফিতে চূড়ান্ত ব্যর্থ হয়েছেন ভারতের তারকা ক্রিকেটাররা। তারপরই বোর্ডের নিদান রনজি ট্রফিতে খেলতে হবে। সেই ‘নির্দেশ’ অনুযায়ী ঘরোয়া ক্রিকেটে নেমেছেন রোহিত, পন্থ, যশস্বী, শুভমান গিলের মতো তারকারা। এবার দেখা যাবে বিরাট কোহলিকেও। সামনেই চ্যাম্পিয়ন্স ট্রফি। ফর্মে ফেরার জন্য রনজি ট্রফির ম্যাচকে পাখির চোখ করতে পারেন ভারতের প্রাক্তন অধিনায়ক।
রনজিতে দিল্লিকে নেতৃত্ব দিচ্ছেন ২৫ বছর বয়সি আয়ুষ বাদোনি। গতবার আইপিএলে লখনউ সুপার জায়ান্টসের হয়েও ভালো পারফর্ম করেছিলেন। অর্থাৎ কোহলিকে দিল্লি দলে আয়ুষের অধীনে খেলতে হবে। সূত্রের খবর, তাঁকে দিল্লির নেতৃত্ব দেওয়ার জন্য বলা হয়েছিল। কিন্তু কোহলি সেই প্রস্তাবে রাজি হননি। ঠিক একই ভাবে গত সপ্তাহে সৌরাষ্ট্রের বিরুদ্ধে ম্যাচের সময় ঋষভ পন্থও অধিনায়ক হতে রাজি হননি। পন্থ যদিও রেলওয়েজের বিরুদ্ধে ম্যাচ খেলবেন না।
দিন কয়েক আগেই ভারতের প্রাক্তন ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গারের সঙ্গে নিজের প্রস্তুতিও শুরু করেছিলেন কোহলি। অস্ট্রেলিয়ায় বিপর্যয়ের পর ভারতীয় বোর্ড জাতীয় ক্রিকেটারদের ঘরোয়া ক্রিকেট খেলা বাধ্যতামূলক করেছে। বিরাট ঘাড়ের চোটের কারণে সৌরাষ্ট্রের বিরুদ্ধে দিল্লির জার্সিতে নামতে পারেননি। আর রেলওয়েজের বিরুদ্ধে নামার আগে ভিড় সামলাতে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করছে দিল্লির ক্রিকেট সংস্থা। তবে এই ম্যাচটি হয়তো টিভিতে সরাসরি সম্প্রচার করা হবে না।
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন