সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সব জল্পনার ইতি। রিয়াল মাদ্রিদ ছেড়ে ইটালির জুভেন্তাসেই যাচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। দীর্ঘ ৯ বছরের সম্পর্কে দাঁড়ি টেনে মঙ্গলবার সরকারিভাবে রোনাল্ডোর ক্লাব ছাড়ার কথা ঘোষণা করল রিয়াল। স্প্যানিশ মিডিয়া সূত্রে খবর, রেকর্ড ১১২ মিলিয়ন ইউরোর বিনিময়ে চার বছরের জন্য তুরিনের ক্লাবের জার্সি গায়ে চাপাতে চলেছেন সিআর সেভেন।
রোনাল্ডো নিজে জানিয়েছেন, ‘সময় এসেছে এবার জীবনে নতুন অধ্যায় খোলার। তাই আমি রিয়ালকে জানাই আমাকে ট্রান্সফারে রাজি হওয়ার জন্য।’ বন্ধুর বিদায়বেলায় ফেসবুকে আবেগমথিত স্টেটাস দিয়েছেন সের্জিও ব়্যামোস। লিখেছেন, ‘ক্রিশ্চিয়ানো, তোমার লক্ষ্য, তোমার নম্বর এবং সবকিছু যা আমরা একসঙ্গে জিতেছি, সবই উল্লেখযোগ্য। তুমি রিয়াল মাদ্রিদের ইতিহাসে একটি বিশেষ স্থান অর্জন করেছো। মাদ্রিস্টাস হিসেবে আমরা তোমাকে সবসময় মনে রাখবো। তোমার সঙ্গে খেলায় আনন্দ পেয়েছি। বড় আদর আর শুভ কামনা…!’
[জুভেন্তাসে রোনাল্ডোর সইসাবুদ শেষ! রিয়ালে বদলি হিসেবে আসছেন এমবাপে?]
দীর্ঘ ৯ বছরে রিয়ালে ফুটবলার থেকে মহাতারকা হয়ে উঠেছিলেন রোনাল্ডো। গগনচুম্বী সাফল্য যা এসেছে কেরিয়ারে তা এই ক্লাবেই। চারবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জয়, চারটি ব্যালন ডি’ওর, রিয়ালের জার্সিতে ৪৫১টি গোল যা প্রায় সর্বকালীন রেকর্ড। ২০০৯ সালে ইংলিশ ক্লাব ম্যাঞ্চেস্টার ইউনাইটেড থেকে ৮০ মিলিয়ন ইউরোর বিনিময়ে রিয়ালে যোগ দিয়েছিলেন পর্তুগিজ তারকা। বাকিটা ইতিহাস। তাই বিদায়বেলায় প্রিয় ফুটবলারকে যোগ্য সম্মান দিয়ে রিয়াল এক বিবৃতি দেয়। সেই বিবৃতিতে ক্লাব জানিয়েছে, ‘রিয়াল মাদ্রিদের জন্য রোনাল্ডো সবসময়ই সেরা প্রতীক হিসেবে বিবেচিত হবে। রিয়াল মাদ্রিদ বিশ্বের সেরা ফুটবলারকে সম্মান জানায় এবং ক্লাবের ইতিহাসে উজ্জ্বলতম সময়ের ছাপ রেখে যাচ্ছে। রিয়াল সবসময় তোমার ঘরের মতোই থাকবে।’ প্রেস বিবৃতি দিয়ে রোনাল্ডোর আগমনের বার্তা দিয়েছে সিরি এ চ্যাম্পিয়ন জুভেন্তাসও। ইতিমধ্যে তাদের ফেসবুকে পেজে ভেসে উঠেছে রোনাল্ডোর ছবিও। নতুন জার্সি, নতুন রূপে সিআর সেভেনকে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষারত ইটালিয়ানরা। সমগ্র বিশ্বও।
এদিকে রোনাল্ডোর বদলি খোঁজার তোড়জোড় শুরু হয়ে গিয়েছে রিয়ালেও। রোনাল্ডোর পরিবর্ত হিসেবে প্রথমেই উঠে এসেছে দুটি নাম, এক নেইমার। এবং অপরজন বিশ্বকাপের উদীয়মান তারকা কিলিয়ান এমবাপে। দু’জনেই এখন খেলেন প্যারিস সাঁ জাঁ-তে। সুত্রের খবর, দুই তারকার অন্তত একজনকে সই করাতে চাইছে রিয়াল। আর তাঁর জন্য তাঁরা ৩০০ মিলিয়ন ইউরো পর্যন্ত খরচ করতে রাজি আছে। যদিও, সরকারিভাবে এমবাপের জন্য ঝাঁপানোর কথা পুরোপুরি অস্বীকার করেছে রিয়াল। যতই হোক রোনাল্ডোর বদলি হিসেবে কোনও বিশ্বমানের তারকাকে সই করাতে না পারলে বার্সার থেকে পিছিয়ে পড়তে হবে তা হয়তো বুঝতে পারছেন রিয়াল প্রেসিডেন্ট পেরেজ।