সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিউজিল্যান্ডের বিরুদ্ধে মাঠের ভিতর চলছে এক লড়াই, মাঠের বাইরে আরেক। না এবার আর ২২ গজের নয়, ৬৪ খোপের লড়াই। প্রতিদ্বন্দ্বী যুজবেন্দ্র চাহাল এবং ইশ শোধি। যেখানে কিউয়ি ক্রিকেটারকে হেলায় হারিয়ে দিলেন ভারতের তরুণ এই লেগস্পিনার।
[মহিলা যাত্রীর প্রসব যন্ত্রণা, ট্রেন থামিয়ে চিকিৎসার ব্যবস্থা করল রেল]
ঘটনাটি গত ৫ নভেম্বরের। দুই দলই রাজকোট থেকে তিরুবনন্তপুরমে আসেন একই বিমানে। আর সেখানেই হঠাৎ করে চাহালকে দাবা খেলার জন্য চ্যালেঞ্জ জানিয়ে বসেন ইশ শোধি। তিনি হয়ত জানতেন না, ক্রিকেটে আসার আগে দাবাই ছিল চাহালের পছন্দের খেলা। জুনিয়র বিভাগে চ্যাম্পিয়নও হয়েছিলেন তিনি। দেশের হয়ে এশিয়া এবং বিশ্ব যুব চ্যাম্পিয়নশিপে প্রতিনিধিত্বও করেছিলেন। কিন্তু স্পনসরের অভাবে দাবা খেলা থেকে দূরে সরে ক্রিকেটে মনোনিবেশ করেন। কিন্তু দাবা খেলাটা যে তিনি ভোলেননি, তার প্রমাণ পেলেন ইশ শোধি। পরপর দু’টি গেমেই তাঁকে হেলায় হারিয়ে দেন চাহাল। পরে সেই ছবি টুইটও করেন শোধি এবং চাহাল দু’জনেই। মাঠের বাইরের এই লড়াইয়ে নিজের হার মেনেই নেন শোধি।
Hard luck my brother 😋 @ish_sodhi #betterlucknexttime😂 pic.twitter.com/XzimLDwKT3
— yuZvendra Chahal23 (@yuzi_chahal) November 5, 2017
Haha god samn it brother! Now its public, @Matthenry014 won’t let me forget it haha! Teach me how! #leggies https://t.co/BbA0lXNS66
— Ish Sodhi (@ish_sodhi) November 5, 2017
No worries, long flight 😂😂 https://t.co/pMe7eUcwgf
— Ish Sodhi (@ish_sodhi) November 5, 2017
এদিকে, তিরুবনন্তপুরমের যেখানে খেলা হবে সেই জায়গাটির নাম কারিয়াভাত্তুম। এমনিতে এই জায়গাটি নিয়ে লোকের খুব একটা মাথাব্যথা থাকার কথা নয়। কিন্তু এখন তিরুবনন্তপুরমের এই শহরতলি অঞ্চলকে ঘিরে প্রচুর আলোচনা চলছে। আলোচনার কারণ আর কিছুই নয়, বুধবার এখানেই ভারত-নিউজিল্যান্ড তৃতীয় তথা শেষ টি-২০ ম্যাচ হতে যাচ্ছে। সিরিজ এখন ১—১। ফলে যারা জিতবে, তারাই সিরিজের দখল নেবে। আর এই কারিয়াভাত্তুমের গ্রিনফিল্ড স্টেডিয়ামে এই ম্যাচটি হতে চলেছে। ক্রিকেটের জন্য এটি একেবারেই নতুন স্টেডিয়াম। এর আগে কখনও এখানে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ হয়নি। দেশের ৫০তম আন্তর্জাতিক ক্রিকেট ভেনু হিসাবে বুধবার আত্মপ্রকাশ করছে গ্রিনফিল্ড স্টেডিয়াম। ইতিমধ্যে দু’দলের ক্রিকেটাররাও শহরে এসে পৌঁছেছেন। আর তারকারা আসার পর শহরে ক্রিকেট নিয়ে উন্মাদনা আরও অনেক বেড়ে গিয়েছে। ম্যাচের সময় এই উন্মাদনা আরও বেড়ে যেতে পারে অন্য এক কারণে। শোনা যাচ্ছে, শচীন তেণ্ডুলকর বুধবার মাঠে হাজির থাকতে পারেন। তবে এর সঙ্গেই রয়েছে বৃষ্টির পূর্বাভাস। আবহবিদরা জানিয়েছেন, বৃষ্টিতে পণ্ড হয়েও যেতে পারে ম্যাচ।