সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রেডিওতে প্রায়ই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির গলা শুনতে পায় সাক্ষী৷ জনতার উদ্দেশে দেওয়া মোদির বার্তা দারুণ ভাল লাগে নবি মুম্বইয়ের নবম শ্রেণির ছাত্রীর৷ সাক্ষী তিওয়ারিও তাই ঠিক করে ফেলে নিজের ‘মন কি বাত’ জানাবে প্রধানমন্ত্রীকে৷ দেরি না করে চিঠিতে নিজের আর্জি লিখে পাঠিয়ে দেয় প্রধানমন্ত্রীর দফতরে৷ কিন্তু এত তাড়াতাড়ি যে তার উত্তরও মিলবে, তা সে স্বপ্নেও ভাবেনি৷ সাক্ষীর ইচ্ছেপূরণ করেছেন মোদি৷
সাক্ষী খেলাধুলো করতে ভালবাসে৷ সাক্ষী মালিক, পি ভি সিন্ধুর মতো ওলিম্পিকের মঞ্চ থেকে দেশের জন্য পদক এনে দেওয়ার ইচ্ছে সাক্ষীর৷ সেই স্বপ্নপূরণের লক্ষ্যে এখন থেকেই পরিশ্রম শুরু করে দিয়েছে সে৷ কিন্তু তার স্কুলে খেলার কোনও মাঠই নেই৷ আর তাই প্রধানমন্ত্রীর কাছে সাক্ষী একটি খেলার মাঠ দেওয়ার আর্জি জানিয়েছিল৷ সাক্ষী জানান, “খুব তাড়াতাড়ি প্রধানমন্ত্রীর দফতর থেকে চিঠির উত্তর পেয়েছি৷” সাক্ষীর স্কুলের কাছের মাঠটি এবার থেকে স্কুল কর্তৃপক্ষ ব্যবহার করতে পারবে৷ মোদি তার উত্তরে সাড়া দেওয়ায় উচ্ছ্বসিত সাক্ষী৷
সদ্য সমাপ্ত রিও ওলিম্পিকে ১১৯ জন প্রতিযোগী পাঠিয়ে পদক এসেছে মাত্র দু’টি৷ তাই টোকিও ওলিম্পিকে সাফল্য পেতে এখন থেকেই উদ্যোগী কেন্দ্রীয় সরকার৷ ওলিম্পিকের প্রস্তুতির জন্য স্কুলের ছাত্র-ছাত্রীদের সবরকমভাবে উদ্বুদ্ধ করতে তৎপর মোদি সরকার৷ সাক্ষী মালিকের মতো বাকি সাক্ষীদের স্বপ্নের উড়ানেও ভাটা পড়তে দিতে চান না প্রধানমন্ত্রী৷
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন