নিজস্ব সংবাদদাতা: মুষলধারে বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ৷ বিচ্ছিন্ন হয়ে পড়ল যোগাযোগ ব্যবস্থা৷ নদীতে ভেসে ও জমা জলে তলিয়ে গিয়ে শিশু-সহ মৃত্যু হল দু’জনের৷ প্লাবিত নদীপাড়ের বিস্তীর্ণ এলাকা৷ জলবন্দি কয়েক হাজার পরিবার৷ পাহাড়ে ধস অব্যাহত৷ পৌঁছে গিয়েছে এনডিআরএফ৷ ফুঁসছে উত্তরের সব নদীই৷ তরাই-ডুয়ার্সে কৃষিজমি, চা বাগান জলের তলায়৷
জলমগ্ন হয়ে পড়েছে শিলিগুড়ি, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের বিস্তীর্ণ এলাকাও৷ দুর্গতদের উদ্ধার করে ত্রাণশিবিরে পৌঁছে দেওয়ার কাজ জারি রেখেছে প্রশাসন৷ বিলি করা হচ্ছে শুকনো খাবার৷ যদিও ত্রাণের দাবিতে ধূপগুড়িতে জাতীয় সড়ক অবরোধ করে এদিন বিক্ষোভ দেখান কিছু মানুষ৷ সিকিম ও ভুটান পাহাড়েও প্রচুর বৃষ্টির জেরে ভয়ঙ্কর চেহারা নিয়েছে ডুয়ার্সের নদীগুলি৷ বাউরি নদী পেরোতে গিয়ে ডুয়ার্সের গেরগেন্দা চা-বাগানের বাসিন্দা রজত মিনজের (৩২) মৃত্যু হয়েছে৷ অন্যদিকে কালচিনির দক্ষিণ লতাবাড়ি গ্রামে খেলতে খেলতে ঘরের পিছনের জমা জলে পড়ে মৃত্যু হয় ইশাক ওরাওঁ নামে এক বছর ন’মাসের এক শিশুর৷ ডুয়ার্সের হাসিমারা, কালচিনি এলাকায় রাস্তার উপর দিয়ে বইছে নদীর জল৷ ভেঙে পড়েছে সেতু৷ ফলে বিপর্যস্ত সড়ক যোগাযোগ৷ এরই মধ্যে বহু জায়গায় প্রকট হচ্ছে নদীভাঙন৷ আরও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস৷ মালদহের ফুলহার ও মহানন্দা নদীতে জলস্ফীতির জেরে বাড়ছে প্লাবনের আশঙ্কা৷
সেবক-সহ পাহাড়ের বিভিন্ন জায়গায় ধসের জেরে এখনও ব্যাহত হচ্ছে যানচলাচল৷ নতুন করে এদিনও কয়েকটি জায়গায় ছোটখাটো ধস নেমেছে৷ ধস মোকাবিলায় কার্শিয়াং সার্কিট হাউসে বিপর্যয় মোকাবিলা দফতরের আধিকারিক-কর্মীদের প্রশিক্ষণ শুরু হয়েছে৷
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন