সুকুমার সরকার, ঢাকা: নিরাপত্তারক্ষী ও মাদক পাচারকারীদের মধ্যে ভয়াবহ গুলির লড়াই চট্টগ্রামে। বৃহস্পতিবার রাতের ওই সংঘর্ষে নিহত হয় দুই দুষ্কৃতী। নিহতদের কাছে থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।
[রাষ্ট্রসংঘে মায়ানমারের ঢাল চিন, প্রবল ক্ষুব্ধ আমেরিকা]
প্রশাসন সূত্রে খবর, গোপন তথ্যের ভিত্তিতে বন্দর শহরে মাদক পাচারকারীদের ডেরায় অভিযান চালায় র্যাব। গোয়েন্দারা জানিয়েছিলেন, চট্টগ্রাম রেল স্টেশনের পাশে ঘাঁটি গেড়েছে দুষ্কৃতীরা। খবর পাওয়া মাত্রই তড়িঘড়ি ছকে ফেলা হয় অভিযানের নকশা। তারপর গভীর রাতে বরিশাল কলোনিতে পাচারকারীদের ডেরাটি ঘিরে ফেলে র্যাব। নিরাপত্তারক্ষীদের উপস্থিতি বুঝতে পেরে গুলি চালাতে শুরু করে দুষ্কৃতীরা। পালটা হামলা চালায় নিরাপত্তারক্ষীরাও। বেশ কিছুক্ষণ ধরে চলা লড়াইয়ের পর নিকেশ হয় দুই পাচারকারী।
র্যাব-এর আধিকারিক লেফটেন্যান্ট কর্নেল মিফতাহউদ্দিন আহমদ জানান, ওই এলাকায় অনেকদিন ধরেই রমরমিয়ে চলছে মাদক ব্যবসা। পাচারকারীদের দৌরাত্ম্য অতিষ্ঠ করে তুলেছে এলাকাবাসীদের। মৃত দুষ্কৃতীদের একজনের বয়স ৩৫ ও অন্যজনের ৫০। তাদের কাছ থেকে একটি বন্দুক ও একরি পিস্তল উদ্ধার করা হয়েছে। স্থানীয়দের অভিযোগ, এই এলাকায় মাদক পাচারকারীরা নিয়মিত আখড়া বসাত। সেখানে ইয়াবা-সহ বিভিন্ন মাদকের ব্যবসা চলত রমরমিয়ে।
[জেরুজালেমে মার্কিন দূতাবাস স্থানান্তরের প্রতিবাদ, গুলিতে হত ৫২ প্যালেস্তাইনি]