সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যে দেশগুলি আমেরিকার সঙ্গে আলাদাভাবে বাণিজ্য চুক্তি করবে না, তাদের উপর নূন্যতম ১৫ থেকে ২০ শতাংশ শুল্ক চাপাবে আমেরিকা। সোমবার এক সাক্ষাৎকারে বৈশ্বিক শুল্কহার ঘোষণা করে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
দ্বিতীয়বার মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর বাণিজ্যিক ঘাটতি কাটাতে তৎপর হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। গত এপ্রিলে ঘোষণা করা হয়েছিল, যে দেশ যত পরিমাণ শুল্ক চাপায় আমেরিকাও সেই দেশের উপর সম পরিমাণ শুল্ক চাপাবে। যেখানেন নূন্যতম শুল্ক হবেন ১০ শতাংশ। যদিও বিশ্বের অন্যান্য দেশগুলির সঙ্গে বাণিজ্য চুক্তির জন্য সেই ঘোষণায় স্থগিতাদেশ দেওয়া হয়। এই সময়কালের মধ্যে একাধিক দেশের সঙ্গে সেরে ফেলা হয় বাণিজ্য চুক্তি। ভারত-সহ বহু দেশের সঙ্গে এখনও জারি রয়েছে আলোচনা পর্ব। এহেন পরিস্থিতির মাঝেই সোমবার স্কটল্যান্ডে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারের সঙ্গে বৈঠক করেন ট্রাম্প। এরপরই বিশ্বকে বার্তা দিয়ে তিনি জানান, “যাদের সঙ্গে বাণিজ্য সমঝোতা হয়নি তাদের উপর ১৫-২০ শতাংশের মধ্যে থাকবে। বৈশ্বিক শুল্ক হিসেবে এই দুটির মধ্যে কোনও একটি ধার্য করা হবে। কারণ, আমি ২০০টি চুক্তি করতে পারব না।”
উল্লেখ্য, আগামী ১ আগস্ট থেকে নয়া শুল্কনীতি কার্যকর করছে ট্রাম্প প্রশাসন। আমেরিকা চায় না এই সময়সীমা আর বাড়ুক। সেই লক্ষ্যে ইতিমধ্যেই বেশ কিছু দেশকে শুল্ক চিঠি পাঠিয়ে দেওয়া হয়েছে। ব্রাজিলকে চিঠি পাঠিয়ে জানিয়ে দেওয়া হয়েছে তাদের উপর ৩০ শতাংশ শুল্ক চাপাচ্ছে আমেরিকা। এদিকে রবিবারই ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাণিজ্য চুক্তি সেরে ফেলেছে আমেরিকা। যার মাধ্যমে আগামী তিন বছরে আগামী তিন বছরে আমেরিকা থেকে ৭৫ হাজার কোটি ডলারের জ্বালানি কিনবে ইউরোপীয় ইউনিয়ন। এই সময়কালে ৬০ হাজার কোটি ডলার আমেরিকায় বিনিয়োগ করতে হবে আমেরিকাকে। ের বিনিময়ে ইউরোপীয় ইউনিয়নের উপর ১৫ শতাংশ শুল্ক চাপাবে আমেরিকা। জারি রাখা হবে ন্যাটোর সহায়তা।
এর আগে জাপানের সঙ্গেও চুক্তি করেছে আমেরিকা। পাশাপাশি ব্রিটেন, ইন্দোনেশিয়া এবং ভিয়েতনামের সঙ্গেও চুক্তি হয়েছে। ভারত-সহ আরও একাধিক দেশের সঙ্গে চুক্তি নিয়ে আলোচনা চলছে। যদিও ভারতের সঙ্গে চুক্তিতে তিনটি ক্ষেত্র জটিলতা তৈরি করেছে। যেগুলি হল, অটো পার্টস, ইস্পাত এবং কৃষিপণ্যের উপর শুল্ক। আমেরিকার দুধ ভারতে বিক্রি করতে আগ্রহী ট্রাম্প। তবে ভারত চায় না আমেরিকা কোনওভাবে ভারতের কৃষি ও পশুপালন সংক্রান্ত শিল্পে প্রবেশ করুক।