সুকুমার সরকার, ঢাকা: বিশ্বের প্রথম নাগরিকত্ব পাওয়া রোবট সোফিয়া এবার পা রাখবে বাংলাদেশে। তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) খাতের প্রদর্শনী ‘ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৭’ উপলক্ষে ৬ ডিসেম্বর ঢাকায় আসছে সোফিয়া। ডিজিটাল ওয়ার্ল্ড মেলার সঙ্গে সংশ্লিষ্টরা জানান, ঢাকায় সোফিয়ার গোটা দিনের কর্মসূচি ঠাঁসা। সকালে ঢাকার আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবে সোফিয়া। মেলা উদ্বোধনের পর একটি অনুষ্ঠানে অংশ নেবে সোফিয়া। এতে বিভিন্ন বিষয়ে কথা বলবে এবং প্রশ্নের উত্তরও দেবে। সোফিয়ার সঙ্গে ঢাকায় আসছেন এই রোবটের ডিজাইনার ডেভিড হ্যানসন। তিনি সোফিয়াকে নিয়ে একটি কারিগরি অধিবেশনে বক্তব্য রাখবেন বলে জানা গিয়েছে। সেখানে সোফিয়ার কারিগরি দিক ও কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কথা বলবেন। সেদিনই সোফিয়া ফিরে যাবে।
[রোবট সোফিয়াকে নাগরিকত্ব উপহার সৌদি আরবের, কী প্রতিক্রিয়া যন্ত্রমানবের?]
হলিউড কিংবদন্তি অড্রে হেপবার্নের চেহারার আদলে তৈরি সোফিয়ার নির্মাতা হংকংয়ের হ্যানসন রোবটিকস। সোফিয়া মানুষের ব্যবহারের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারে। মানুষের কাজ দেখে শিখে রোবটটি তা নিজেই করতে পারে। সোফিয়া ইংরেজিতে কথা বলে। এটি সক্রিয় হয় ২০১৫ সালের ১৯ এপ্রিল। গত ২৫ অক্টোবর সৌদি আরবের রাজধানী রিয়াধে ভবিষ্যৎ বিনিয়োগ সম্মেলনে সোফিয়াকে জনসমক্ষে নিয়ে আসা হয়। সম্মেলনে অংশগ্রহণকারীরা সোফিয়ার কথাবার্তায় এতটাই মুগ্ধ হন যে সেখানেই সোফিয়াকে সৌদি আরবের নাগরিকত্ব প্রদান করা হয়। সোফিয়া নানা বিষয়ে অসংখ্য প্রশ্নের উত্তর দিতে পারে। ওয়াই-ফাই নেটওয়ার্কের মাধ্যমে বিশাল তথ্যভান্ডারে যুক্ত থাকে সে। সেখান থেকে ‘মেশিন লার্নিং’ পদ্ধতিতে প্রশ্নের জবাব দেয় সোফিয়া। মানুষের মুখ শনাক্ত করতে পারে। মানুষের অঙ্গভঙ্গি ও মুখের অভিব্যক্তি নকল করতে পারে। সোফিয়া কোনও বড় অনুষ্ঠান বা পার্কে ভিড়ের মধ্যে সহযোগিতা করতে পারে। হ্যানসন রোবটিকসের পক্ষ থেকে জানানো হয়েছে, ধীরে ধীরে সোফিয়া মানুষের সঙ্গে যোগাযোগ করার মতো পর্যাপ্ত সামাজিক দক্ষতা অর্জন করবে। বাংলাদেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক জানান, সোফিয়াকে নিয়ে তাদের দুটি সেশন হবে।