সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্কঃ তেলে জলে যেমন মিশ খায় না, তেমনই মদ ও মন্দির যে কোনও সময় এক আসনে অধিষ্ঠান করতে পারে তা আমাদের ধারণার বাইরে৷ তবে থাইল্যান্ডবাসীর কাছে এদৃশ্য বেশ পরিচিত৷ কারণ নিজের দেশেই এমন দৃশ্য দেখতে পান তাঁরা৷ যদি ভেবে থাকেন আকন্ঠ মদ পান করে থাইল্যান্ডের কোনও মন্দিরে প্রবেশ করা যায় তবে আপনি ভুল৷ আসলে থাইল্যান্ডে রয়েছে এমন এক বৌদ্ধ মন্দির যা তৈরি হয়েছে লাখ লাখ বিয়ারের বোতলে৷ এমনকি গৌতম বুদ্ধের মূর্তিও রয়েছে কয়েক লাখ বিয়ারের বোতলের ঢাকনা দিয়ে তৈরি আসনে৷

থাইল্যান্ডের সিসাকাট প্রদেশের খুনহান জেলায় রয়েছে এই বিশেষ বৌদ্ধ মন্দিরটি৷ ১৯৮৪-তে একদল বৌদ্ধ সন্ন্যাসীর হাতে গড়ে উঠেছিল এই মন্দির৷ বহুবছর ধরে বিয়ারের বোতল সংগ্রহ করে এই মন্দির তৈরি করেছিলেন তাঁরা৷ মূলত স্থানীয় বিয়ার ব্র্যান্ড হাইনেকেন ও ছাঙ্গের বোতল ব্যবহার করা হয়েছে মন্দির তৈরিতে৷ কেমন দেখতে এই মন্দির? যাঁরা একবার গিয়েছেন এই মন্দিরে তাঁরা আবার যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন৷ মন্দিরে প্রবেশ পথ থেকে শুরু করে দেওয়াল, বাথরুম থেকে শুরু করে বিশ্রামাগার সবই তৈরি বিয়ারের বোতল দিয়ে৷ জানলে অবাক হবেন গৌতম বুদ্ধ যে আসনটিতে অধিষ্ঠান করছেন, সেটিও তৈরি বিয়ারের বোতলের ঢাকনা দিয়ে৷

এতবছর হয়ে গেলেও কোনও অদ্ভুত কারণে এখনও কোনও ক্ষয় ধরেনি বোতলগুলিতে৷ নষ্ট হয়নি তার ঝলক৷ এখনও প্রথম দিনের মতোই সূর্যের আলো পড়লে চকচক করে ওঠে বোতলগুলি৷ মন্দির দেখার টানেই এই অঞ্চলে ভিড় জমান হাজার হাজার পর্যটক৷ যা একপ্রকার অর্থনৈতিক ভাবে সমৃদ্ধ করেছে এখানকার মানুষকে৷ সঙ্গে সঙ্গে দেশ-বিদেশে ছড়িয়ে পড়ছে থাইল্যান্ডের সিসাকাট প্রদেশের বৌদ্ধ মন্দিরের গল্প৷
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন