নিলামে ডন-ওয়ার্নের ব্যাগি গ্রিন টুপি, কত কোটিতে বিক্রি ধোনির বিশ্বজয়ের ব্যাট?
ক্রিকেটের মহত্ত্বের প্রতীক অমূল্য এই নিদর্শনগুলি।
২০২০ সালে দাবানলে জ্বলছে অস্ট্রেলিয়ার বিস্তীর্ণ অঞ্চল। বিপদে পড়া মানুষদের পাশে দাঁড়াতে শেন ওয়ার্ন তাঁর মূল্যবান ব্যাগি গ্রিন টুপি নিলাম করে ক্রিকেটবিশ্বের কাছ থেকে সমীহ আদায় করে দিয়েছিলেন। সেই টুপি ১,০০৭,৫০০ অস্ট্রেলীয় ডলারে বিক্রি হয়েছিল। ভারতীয় মূলে যা প্রায় ৫.৭৯ কোটি টাকা। এটি কিনেছিল অস্ট্রেলিয়ার কমনওয়েলথ ব্যাঙ্ক। এখন এই টুপি বাউরালের ব্র্যাডম্যান জাদুঘরে রাখা রয়েছে।
আরও পড়ুন:
অস্ট্রেলিয়ার জাতীয় জাদুঘর সম্প্রতি স্যর ডোনাল্ড ব্র্যাডম্যানের ১৯৪৬-৪৭ সালের অ্যাশেজ সিরিজে পরা ব্যাগি গ্রিন সংরক্ষণ করেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইংল্যান্ডের বিপক্ষে প্রথম সেই সিরিজে ডন করেছিলেন ৬৮০ রান। গড় ছিল ৯৭.১৪। নিলামে ৪৩৮,৫০০ অস্ট্রেলীয় ডলারে বিক্রি হয় ওই টুপি। ভারতীয় মূল্যে যা প্রায় ২.৫২ কোটি টাকা।
১৯৪৮ সালে ইংল্যান্ডে বিদায়ী সফরে ব্র্যাডম্যানের ব্যাগি গ্রিন আরেকটি অমূল্য নিদর্শন। এই সফরে ১০০ গড়ের টেস্ট রান সংগ্রহের জন্য মাত্র চার রান প্রয়োজন ছিল তাঁর। কিন্তু শেষ ইনিংসে শূন্যে আউট হন। ২০০৩ সালে ইংল্যান্ডের একজন সংগ্রাহকের কাছে ১৭০,০০০ পাউন্ডে বিক্রি হয় ক্যাপটি। ভারতীয় মূল্যে যা ২.০২ কোটি টাকা।
২৮ বছর পর ২০১১ সালে ওয়ানডে বিশ্বকাপ জয়ের স্বাদ পায় ভারত। কে ভুলতে পারে মহেন্দ্র সিং ধোনির বিরাট ছক্কা হাঁকিয়ে বিশ্বজয়ের সেই মুহূর্ত! সেই ব্যাট নিলামে ১০০,০০০ পাউন্ডে বিক্রি হয়েছিল। ভারতীয় মূল্যে ১.১৯ কোটি টাকা। যা কিনেছিল আরকে গ্লোবাল শেয়ারস অ্যান্ড সিকিউরিটিজ লিমিটেড। এটিই এখন পর্যন্ত বিক্রি হওয়া সবচেয়ে ব্যয়বহুল ক্রিকেট ব্যাট।