বালিকাকে দেবীরূপে আরাধনা, অষ্টমীতে কুমারী পুজোয় মাতল বেলুড় থেকে বাংলাদেশ
বৃষ্টি উপেক্ষা করে বেলুড় মঠে ভক্তের ঢল।
চিরাচরিত প্রথা মেনে মহাষ্টমীতে বেলুড় মঠে কুমারী পুজো। ভোর ৫টা ৪০ মিনিটে মহাস্নানের মধ্যে দিয়ে বেলুড় মঠে দেবীর মহাষ্টমীর পুজো শুরু হয়। সকাল ৯টায় বেলুড় মঠের মূল মন্দিরের পাশের অস্থায়ী মণ্ডপের বেদিতে দুর্গাপ্রতিমার সামনে নিয়ে আসা হয় ৫ বছর ২ মাস বয়সি কুমারী শ্রীণিকা মুখোপাধ্যায়কে। দুর্গা প্রতিমার সামনেই ওই কুমারীকে সিংহাসনে বসানো হয়।
লক্ষ্মী জনার্দন মুখোপাধ্যায় ও মৌসুমী মুখোপাধ্যায়ের কন্যা শ্রীণিকাকে এদিন কুমারী হিসেবে পুজো করা হয়। বেলুড় মঠে কুমারীকে 'উমা' রূপে পুজো করা হয়। কুমারীকে বেনারসি শাড়ি, গয়নায় সাজিয়ে প্রথমে নিয়ে যাওয়া হয় রামকৃষ্ণদেবের মন্দিরে। সেখানে দর্শনের পরে সন্ন্যাসী, মঠের একনিষ্ঠ স্বেচ্ছাসেবকদের কোলে চেপে কুমারীকে দুর্গা মণ্ডপে আনা হয়। সেখানেই সমস্ত রীতি-আচার মেনে চলে পুজো।
আরও পড়ুন:
হাতপাখায় বাতাস করে, উলুধ্বনি দিয়ে, আরতি করে মন্ত্রোচ্চারণের মধ্যে দিয়ে হয় পুজো। পুজোর পরে কুমারীকে পুনরায় কাঠের চেয়ারে বসিয়ে নিয়ে যাওয়া হয় মঠের পুরনো মূল মন্দিরে। শ্রীরামকৃষ্ণদেবকে দর্শনের পরে তাকে বারান্দায় বসানো হয়। যাতে নিচে অপেক্ষারত ভক্ত-দর্শনার্থীরা দেখতে পারেন। এরপরে কুমারীকে মঠের গাড়িতে চাপিয়ে বাড়িতে পৌঁছে দেওয়া হয়।